গাজায় ভারী বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, আশ্রয়হীন হাজারো বাস্তুচ্যুত মানুষ
গাজায় ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু প্লাবিত হয়েছে, আর হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। সাহায্যের ওপর ইসরায়েলি বিধিনিষেধ সাড়াদান ব্যাহত করছে বলে জানা গেছে।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির প্রথম দিনেই প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে, যেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।
শনিবার ভোর থেকে গাজা সিটি ও ভূখণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন অংশের পাশাপাশি মধ্য গাজার কিছু এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোকে শিবির ছেড়ে পালাতে দেখা গেছে, কারণ সেগুলো বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল।
গাজা কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়, ফাটল ধরা কয়েক ডজন দেয়াল ও ছাদ ভেঙে পড়েছে, এতে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় অনেকে আহত হয়েছেন, তাঁদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল শনিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁর দলগুলো রাতে বাসিন্দাদের কাছ থেকে ১ হাজার ৫০০টির বেশি ফোন পেয়েছে, যাঁরা তাঁবু প্লাবিত হওয়ার পর জরুরি সহায়তা চেয়েছিলেন।
তিনি ব্যাখ্যা করে বলেন, সংস্থাটি “কোনো সরঞ্জাম বা সক্ষমতা ছাড়াই” কাজ করছে।
মাহমুদ বাসাল বলেন, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোর কাছে জরুরি আবেদন জানিয়েছি, যাতে তাঁরা অবিলম্বে হস্তক্ষেপ করে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষকে তাঁবু প্লাবনের হাত থেকে বাঁচান।”
তিনি আরও বলেন, “আমরা একা এই ঝড়ের পরিণতি মোকাবিলা করতে পারব না।”
ভারী বৃষ্টি গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে, যেখানে সাহায্য পৌঁছানো ইতিমধ্যেই সীমিত।

