…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

চ্যাটবটে লেখা অভিযোগের বন্যায় জর্জরিত যুক্তরাজ্যের সরকারি সংস্থাগুলো, একেই বলা হচ্ছে ‘এআই ক্লগ’

নিজস্ব প্রতিবেদক
চ্যাটবটে লেখা অভিযোগের বন্যায় জর্জরিত যুক্তরাজ্যের সরকারি সংস্থাগুলো, একেই বলা হচ্ছে ‘এআই ক্লগ’
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সংসদ সদস্য, স্থানীয় কর্তৃপক্ষ, আইনজীবী, স্কুলসহ বিভিন্ন সরকারি সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অভিযোগ, আবেদন ও আইনি চ্যালেঞ্জের বন্যায় ভাসছে। চ্যাটবট দিয়ে লেখা এসব চিঠি পড়া ও জবাব দেওয়া দিন দিন আরও জটিল ও সময়সাপেক্ষ হয়ে উঠছে।

একজন লেবার সংসদ সদস্যের কার্যালয়ের জ্যেষ্ঠ কেসওয়ার্কার হলি উইকেন্স বলেন, ২০২৪ সালে এটি শুরু হয়েছিল অল্পস্বল্পভাবে, আর এখন তা রীতিমতো আক্রমণে পরিণত হয়েছে। তিনি জানান, তাঁদের কাছে আসা ইমেইলের অর্ধেকই কোনো না কোনোভাবে এআই দিয়ে তৈরি। দশ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এসব অনুরোধ ও অভিযোগ সামলানো এখন অনেক বেশি কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে তিনি জানান।

এই দশকের শুরুতে চাকরির আবেদন করা, অভিযোগ লেখা কিংবা স্থানীয় পরিকল্পনা আবেদনের বিরোধিতা করতে যথেষ্ট পরিশ্রম লাগত। বিষয়টি নিয়ে গবেষণা করা, ফরম পূরণ করা বা আনুষ্ঠানিক ভাষায় ইমেইল লেখার পাশাপাশি অনেক সময় বিশেষজ্ঞ জ্ঞানও দরকার হতো।

কিন্তু গত কয়েক বছরে চ্যাটজিপিটি, ক্লড, কোপাইলট, জেমিনিসহ অন্যান্য জেনারেটিভ এআই সরঞ্জামের দ্রুত বিস্তারের পর চিত্রটা বদলে গেছে। এসব চ্যাটবট সাধারণ মানুষকে বিনা মূল্যে আইনি উপদেষ্টা, প্রশাসক বা ব্যক্তিগত সহকারীর সুবিধা দিয়ে বিশেষজ্ঞে পরিণত করছে। চ্যাটজিপিটি এই মাসের শেষের দিকে চার বছর পূর্ণ করতে যাচ্ছে।

এআই সরঞ্জামের নির্মাতারা নিয়োগকর্তা ও কর্মীদের জন্য বিশাল উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। একঘেয়ে রুটিন কাজ দ্রুত স্বয়ংক্রিয়ভাবে করা যাবে বলে আশা করা হয়েছিল। অর্থনীতির কিছু অংশে সেই সুফল দেখাও যাচ্ছে, আর এ বছর যুক্তরাজ্যের প্রত্যাশার চেয়ে ভালো জিডিপি প্রবৃদ্ধির পেছনে এআইয়ের অবদান রয়েছে বলে মনে করা হয়।

তবে যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, আদালত, স্কুলসহ অন্যান্য সরকারি সংস্থা জানাচ্ছে, এআই দিয়ে তৈরি অভিযোগ, চিঠি ও আইনি চ্যালেঞ্জের বন্যায় তাদের কাজের চাপ বিপুলভাবে বেড়ে গেছে—এমন এক সময়ে, যখন তাদের সম্পদ আগে থেকেই টানাপোড়েনের মধ্যে রয়েছে।

মন্তব্যকারীরা এই ঘটনাকে ‘এআই ক্লগ’ বলে ডাকছেন। আর বার্লিনের হার্টি স্কুলের সেন্টার ফর ডিজিটাল গভর্ন্যান্স, কোঅপারেটিভ এআই ফাউন্ডেশন ও গভএআইয়ের গবেষকেরা সরকারি সংস্থাগুলোকে এআই দিয়ে তৈরি অনুরোধে ভরিয়ে দেওয়ার এই প্রবণতাকে ‘এজেন্টিক ফ্লাডিং’ বলে অভিহিত করেছেন।

লয়ার্স ইন লোকাল গভর্নমেন্টের (এলএলজি) প্রধান নির্বাহী ডেবোরা ইভান্স বলেন, প্রতিটি খাতই প্রায় একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তাঁর সংগঠনটি স্থানীয় কর্তৃপক্ষে কর্মরত ৫ হাজার ৬০০ আইনজীবীর প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, এআই চমৎকার একটি সরঞ্জাম, যা মানুষকে খুব দ্রুত কাজ করতে দেয় এবং অভিযোগকে অবিশ্বাস্যভাবে পেশাদার ও আনুষ্ঠানিক শোনাতে পারে।

স্থানীয় কর্তৃপক্ষগুলো অভিযোগের সংখ্যা বাড়তে দেখছে, যা প্রাপ্তবয়স্কদের সামাজিক সেবা থেকে শুরু করে ময়লার বাক্স না তোলা কিংবা পরিকল্পনা আবেদনের বিরোধিতা পর্যন্ত নানা বিষয়ে হতে পারে। ইভান্স বলেন, স্থানীয় কর্তৃপক্ষের হাতে একটাই অর্থের ভান্ডার থাকে; অভিযোগ বাড়লে তারা বাড়তি অর্থ পায় না।

স্থানীয় কর্তৃপক্ষ মনে করে, চিঠির দৈর্ঘ্যই এআই দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত দেয়; একইভাবে কিছু নির্দিষ্ট বাক্যাংশের ব্যবহার বা বুলেট পয়েন্টের উপস্থিতিও সে ইঙ্গিত দেয়। এনফিল্ড কাউন্সিলের নেতা কাউন্সিলর আলেসান্দ্রো জর্জিউ বলেন, এটি আসলেই একটা সমস্যা। কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে বাসিন্দারা ক্রমেই বেশি করে এআই ব্যবহার করছেন, যেমন পার্কিং আপিলের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

তথ্য অধিকার পর্যবেক্ষক সংস্থা ইনফরমেশন কমিশনার্স অফিস (আইসিও) দেখেছে, ২০২৫ সালে অনেক সরকারি কর্তৃপক্ষের কাছে আগের চেয়ে বেশি অনুরোধ এসেছে। সংস্থাটি উল্লেখ করেছে, এআই দিয়ে তৈরি অনুরোধগুলো খুব দীর্ঘ, পুনরাবৃত্তিমূলক এবং অপ্রাসঙ্গিক মন্তব্য বা ভুল ঠিকানায় পাঠানো দাবি থাকতে পারে; সেগুলোর পরিধি বড় হয় এবং কোন তথ্য চাওয়া হচ্ছে তা বোঝা কঠিন হয়ে যায়।

চ্যাটবট ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আসা অভিযোগের গড় দৈর্ঘ্য ছিল প্রায় দুই পৃষ্ঠা। ইভান্স বলেন, এখন বেশির ভাগ অভিযোগই আগের চেয়ে ১০ গুণ দীর্ঘ। তাঁর জানা সবচেয়ে খারাপ উদাহরণটি প্রায় ২০০ পৃষ্ঠার।

তা সত্ত্বেও আইসিও সতর্ক করে দিয়েছে, এআই দিয়ে লেখা বলে মনে হওয়া এবং ভুল তথ্য থাকা অনুরোধেরও জবাব মানুষকেই দিতে হবে। ইভান্স বলেন, এআই সরঞ্জামগুলো অনেক সময় অভিযোগকে আইনি দাবি হিসেবে বিবেচনা করতে শুরু করে। এটি আইন ও মামলার নজির টানতে শুরু করে, তবে সেগুলো সবসময় সংশ্লিষ্ট এখতিয়ারের সঙ্গে মেলে না। কানাডার কোনো মামলার নজিরও খুঁজে আনতে পারে। আর এআই মাঝেমধ্যে ভুল তথ্য বানিয়ে ফেলার প্রবণতাও দেখায়।

এক প্রযুক্তি স্টার্টআপের প্রতিষ্ঠাতা অভিযোগ করেন, এআইয়ের অতিরিক্ত সহায়ক ও সমর্থনমূলক ভঙ্গি মানুষকে আইনি মামলা চালিয়ে যাওয়ার ভুল আত্মবিশ্বাস দিতে পারে। তাঁর প্রতিষ্ঠানের এক সাবেক কর্মী কর্মদক্ষতার কারণে চাকরি হারানোর পর কর্মসংস্থান ট্রাইব্যুনালের মাধ্যমে বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন, যদিও উদ্যোক্তার দাবি, প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হয়েছিল। মামলার শুনানি হওয়ার সময় পর্যন্ত তাঁর আইনি খরচ ৩০ হাজার পাউন্ডে পৌঁছাবে বলে তিনি আশা করছেন।

সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল থেকে জুনের মধ্যে খোলা কর্মসংস্থান ট্রাইব্যুনাল মামলার সংখ্যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে, যা একক দাবিদারদের ১৪ হাজার মামলা। একই প্রান্তিকে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যাও কমেছে, ফলে জুনের শেষে ৭০ হাজার একক দাবির মামলা খোলা ছিল।

হ্যামিল্টন ন্যাশের কর্মী সম্পর্ক বিশেষজ্ঞ জিম মুর বলেন, প্রতিষ্ঠাতার অভিজ্ঞতা মোটেও ব্যতিক্রম নয়। তাঁর অনেক মক্কেলই এমন চিঠি পাচ্ছেন, যা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি অথবা এআইয়ের ভাষার ওপর অনেকখানি নির্ভরশীল।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

রিয়াদ ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি আরব

সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ক্ষেপণাস্…

আন্তর্জাতিক

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে দোকানের জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কিত হয়ে লোকজন বিভিন্ন ভবন থেকে বা…

আন্তর্জাতিক

গাজায় ভারী বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, আশ্রয়হীন হাজারো বাস্তুচ্যুত মানুষ

গাজায় ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু প্লাবিত হয়েছে, আর হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। সাহায্যের ওপর ইসরায়েলি বিধিনিষেধ সাড়াদা…

নিউজিল্যান্ডে ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি নির্বাচন, কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি নির্বাচন, কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই

শনিবার কুয়াশায় ঢাকা রাজধানী ওয়েলিংটনে নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছে নিউজিল্যান্ড। তবে আবহাওয়ার মতোই ধূসর ছিল ভোটারদের মনোভাব। বছরের পর বছর ধরে …