বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের দায়িত্ব নিলেন সাবিনে লাউবার

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের বাংলাদেশ মিশনের নতুন প্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার দায়িত্ব নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তিনি প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন।
সাক্ষাতে সাবিনে লাউবারকে স্বাগত জানিয়ে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
হুমায়ুন কবির বলেন, গণতন্ত্র শক্তিশালী করা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষা সরকারের অগ্রাধিকার। পাশাপাশি আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতে জাতিসংঘের বিশেষ পদ্ধতির ম্যান্ডেটধারীদের সঙ্গে বাংলাদেশের চলমান সম্পৃক্ততা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এবং শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকদের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও মতবিনিময় করেন তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ওএইচসিএইচআরের কর্মসূচি ও কার্যক্রম যেন সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে দায়িত্ব পালনে সাবিনে লাউবারকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জবাবে সাবিনে লাউবার বাংলাদেশ সরকারের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন। মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি। দায়িত্ব পালনকালে নিজের অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের সঙ্গে নিয়মিত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মধ্যে ২০২৫ সালের জুলাইয়ে স্বাক্ষরিত তিন বছর মেয়াদি সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে ওএইচসিএইচআরের মিশন প্রতিষ্ঠিত হয়। সাবিনে ম্যাগডালেনা লাউবার এ মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
