হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন বলে সভা সূত্র জানিয়েছে। গতকাল রয়টার্সের খবরে বলা হয়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বিষয়ে চিঠি দিয়েছেন।
গতকাল দিনের শুরুতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের একটি ই-মেইল পায়। মেইলে হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তাঁরা বলেন, কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁরা তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানা যায়, ই-মেইলের বিষয়ে পরবর্তী নির্দেশনা সম্পর্কে জানতে মিশন থেকে ঢাকায় বার্তা পাঠানো হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই প্রথম শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, গত জুলাই মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানিয়েছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিকেলে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে কোনো বক্তব্য দেননি প্রধানমন্ত্রী। তবে তিনি ইঙ্গিত করে বলেন, 'আমরা ৭ নভেম্বর রাজপথে নেমেছি। রাজপথে আমরা থাকব। রাজপথে থেকেই সব ষড়যন্ত্রের মোকাবিলা আমাদের করতে হবে।'
বিএনপির সংসদীয় দলের গতকালের সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
সভায় উপস্থিত একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনার দেশে ফেরার বিষয়ে কী বলতে হবে, সে বিষয়ে তাঁদের ধারণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে একজন দায়িত্বশীল মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার কথা তাঁদের বলতে বলা হয়েছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন করার খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম আলোকে বলেন, ম্যাট্রিক্স চেম্বার্সের আবেদনটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার 'অথরাইজেশন'-সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।
এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তি লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল। যেকোনো ল' ফার্মেরই জানা উচিত তাদের ক্লায়েন্ট (মক্কেল) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন—বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাঁদেরই লজ্জিত করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে 'চরম হাস্যকর' বলে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, 'শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াইতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেব।'
এ বিষয়ে জানতে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাঁরা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি বলে খবরে উল্লেখ করা হয়। রয়টার্সের খবরে বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তাঁর দলের অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অনেকে ভারতে বা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।
বিভিন্ন মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সভা সূত্র জানিয়েছে, সভায় প্রধানমন্ত্রী পবিত্র রমজান সামনে রেখে বাণিজ্যমন্ত্রীকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখার বিষয়ে আগাম সতর্ক করেন। বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন, রোজায় বাজারে পণ্যদ্রব্যের দাম বাড়বে না, বাজার স্থিতিশীল থাকবে। এ ছাড়া সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রীর কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।


