পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামী ফেব্রুয়ারিতে

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এর আগে জানুয়ারি মাস থেকে শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান জানান, সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচি, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে নিজেদের পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে বলে জানান তিনি।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে আসন্ন পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেন ইউজিসি চেয়ারম্যান।
তিনি বলেন, 'ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।'
পরীক্ষা কিছুটা পিছিয়ে গেলে একাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। এ ক্ষেত্রে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে সার্বিক সহযোগিতা করবে বলে জানান তিনি।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মূল্যায়নের বিষয়ে ড. মামুন আহমেদ বলেন, '২০২৫ সালে যেখানে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল, ২০২৬ সালে তা কমে ছয় লাখের কিছু বেশিতে দাঁড়িয়েছে। এ বছর খাতা সঠিকভাবে মূল্যায়ন করায় অনেকে প্রত্যাশিত ফল পাননি। সরকারের লক্ষ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ করা। এতে যারা উত্তীর্ণ হবেন, তারাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।'
তিনি আরও জানান, এবার মোট উত্তীর্ণ শিক্ষার্থী ও মোট আসনের বিষয়গুলো বিবেচনা করে ভর্তি পরীক্ষার আবেদনের জিপিএ নির্ধারণের জন্য উপাচার্যদের অনুরোধ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার প্রশ্নকাঠামো নিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, চলতি শিক্ষাবর্ষে বিগত বছরের মতো বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাই করা প্রয়োজন। তাই আগামী শিক্ষাবর্ষ (২০২৭-২৮) থেকে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের সংযোজন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি ও মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি কার্যক্রমে বছরজুড়ে ধারাবাহিকতা রক্ষায় ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি 'কেন্দ্রীয় সমন্বয় কমিটি' গঠনের প্রস্তাব সভায় আলোচিত হয়েছে। এ কমিটি ভর্তি পরীক্ষার সার্বিক সময়সূচি সমন্বয় করবে এবং আগামী বছর থেকে কীভাবে আরও আগে পরিকল্পিতভাবে ভর্তি কার্যক্রম শুরু করা যায়, তা নিয়ে কাজ করবে।
সংবাদ সম্মেলনে দেশের উচ্চশিক্ষার আসন ব্যবস্থার একটি চিত্র তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, বর্তমানে দেশে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অধিভুক্ত প্রতিষ্ঠানে ১০ লাখের বেশি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় চার লাখ আসন রয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের বিষয়ে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়গুলোর আইন ও স্বায়ত্তশাসনের প্রতি আমরা শতভাগ শ্রদ্ধাশীল। ইউজিসি কেবল সহযোগিতা ও সমন্বয়কের ভূমিকা পালন করবে, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি পরীক্ষা আরও সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে আমাদের বিশ্বাস।'


