নিজ জেলার ভেতরে বদলির সুযোগ বন্ধ কেন, নীতিমালার ধারা নিয়ে হাইকোর্টের রুল

এমপিওভুক্ত শিক্ষকদের জেলায় বদলি নিয়ে নীতিমালার ৩.৪ ধারার বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
১৩ শিক্ষকের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (৯ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ন কবির পল্লব।
আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, যেসব এমপিওভুক্ত স্কুল এবং কলেজ রয়েছে, সেখানে যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তাদের বদলির ব্যাপারে ২০২৬ সালে একটা নীতিমালা করেছে সরকার।
সেই নীতিমালার ৩.৪ ধারায় বলা হয়েছে, একজন এমপিওভুক্ত কলেজের অথবা স্কুলের একজন শিক্ষক শুধু এক জেলা থেকে তার নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন।
এই নীতিমালায় একটা জেলার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, তাদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অথবা এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলির কোনো বিধান নেই বলে জানান তিনি।
নিজ জেলার মধ্যে যে বদলির সুযোগ থাকা উচিত, সেই সুযোগটা এই নীতিমালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।
একটা জেলায় অনেকগুলো উপজেলা থাকে, দূরত্ব থাকে শত শত কিলোমিটার। দেখা গেল একজন শিক্ষক এমন একটা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, সেখান থেকে তার নিজ বাসস্থানের দূরত্ব কয়েকশ কিলোমিটার।
২০২৬ সালের এই বদলি নীতিমালার কারণে শিক্ষকরা এক স্কুল থেকে অন্য স্কুলে বদলির আবেদন করতে পারছেন না বলে জানান তিনি।
বাংলাদেশে এখন প্রায় ৮৫ হাজার এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকের পদ শূন্য রয়েছে এবং সেখানে আবেদন করেছেন মাত্র ১৩ হাজারের কাছাকাছি, জানান আইনজীবী হুমায়ন কবির পল্লব।
১৩ জন শিক্ষকের আবেদনের ভিত্তিতে একটি রিট পিটিশন দায়ের করা হয়। সেই রিট পিটিশনে ২০২৬ সালের বদলি নীতিমালায় যে বিধিনিষেধ দেওয়া হয়েছে—একটা জেলার মধ্যে এক স্কুল থেকে অন্য স্কুলে কোনোভাবেই বদলি করা যাবে না বা আবেদন করা যাবে না—সেই ধারাটিকে চ্যালেঞ্জ করা হয়েছে।
শুনানি শেষে আদালত ধারাটি (৩.৪) কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল জারি করেছেন এবং আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী হুমায়ন কবির পল্লব।


