ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ: সতর্ক বিএনপি, রাজপথে থাকার নির্দেশনা তারেক রহমানের

ডিসেম্বর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিজয়ের মাসে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় সতর্ক অবস্থান নিচ্ছে। দলটি সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং দীর্ঘদিনের রাজনৈতিক শরিকদের সঙ্গে দূরত্ব কমানোর উদ্যোগ নিয়েছে।
একই সময়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে ডিসেম্বরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক শরিকদের সঙ্গে সমঝোতার উদ্যোগ।
শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার লক্ষ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য তাঁর পক্ষে আবেদন করা হয়েছে। সরকার ওই আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করছে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি গত সোমবার বিএনপির সংসদীয় দলের সভায় আলোচনা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, 'বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।' গতকাল সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজপথে সক্রিয় থাকার এই নির্দেশনা বিএনপির রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিএনপির দায়িত্বশীল নেতারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন 'ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম' মোকাবিলায়। এ ক্ষেত্রে বর্তমান বিরোধীদের ভূমিকা নজরদারিতে রাখা হবে। বিএনপির একাধিক নেতা গণমাধ্যমকে বলেন, বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা থাকতে হবে। কিন্তু তারা যদি ফ্যাসিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয়, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। জাতি মেনে নেবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'শেখ হাসিনাকে বিগত দিনের কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগকেও অতীতের ভূমিকার দায় নিতে হবে। জনগণ তাদের ক্ষমা করবে না।' তিনি বলেন, 'বিএনপি প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চায়। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।'
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা-না ফেরার প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 'সামনে কয়েকটা শৈত্যপ্রবাহ আসবে, এ রকম একটা পূর্বাভাস আছে আবহাওয়ার। আর কোনো খবর নেই।' তিনি বলেন, 'বিএনপির দলীয় তৎপরতা বা বাড়া-কমা এগুলো তো একটা চলমান প্রক্রিয়া। এখন যেটুকু দৃশ্যমান হচ্ছে, এটা হলো স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী ঠিক করা, যাতে করে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো শান্তিপূর্ণ হয় এবং একই সঙ্গে আমরা যে প্রার্থীকে সমর্থন দেব, সেই প্রার্থীর বিষয়ে যেন বিতর্ক না থাকে।'
আলাল আরও বলেন, 'ডিসেম্বরে কী হবে না হবে—এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ডিসেম্বরে তো শীত পড়বে।' কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'ডিসেম্বরে আবার ওরা ককটেল মারবে, বাসে টাসে কোথাও আগুন দেবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। রাজনীতিতে বড় কোনো অশুভ সংকেত দেখি না।'
জামায়াত-এনসিপির কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে আলাল বলেন, 'তাদের কার্যক্রম তো থাকবেই। তারা বিরোধী দল, বিরোধী দল হিসেবে তারা সরকারের সমালোচনা করবে। ফ্যাসিবাদের পুনরায় আগমন বা পুনরায় প্রতিষ্ঠার সুযোগ যাতে না আসে, সে ব্যাপারে তারা সজাগ আছে বলে আমরা বিশ্বাস করি। আমরাও তাদের কাছে আহ্বান জানাই, তারা যেন এমন কিছু না করে, যাতে ফ্যাসিবাদ ফিরে আসে বা ফেরার সুযোগটা কোনো রকম যেন না পেয়ে যায়।'
রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, সরকার পরিচালনার পাশাপাশি বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ দলীয় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর সরকার গঠন করায় দলটির নেতাকর্মীদের একটি অংশ সরকারি ও প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতৃত্বের প্রতিযোগিতা, পদ-পদবি নিয়ে অসন্তোষ এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নও সামনে এসেছে। এ অবস্থায় জাতীয় কাউন্সিলের প্রস্তুতি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় কমিটি, স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সম্প্রতি ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বশীলরা বলেছেন, কমিটি পুনর্গঠন চলমান প্রক্রিয়া। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনগুলোর কমিটিও পুনর্গঠন প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।
বিএনপির আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাব হচ্ছে—দীর্ঘদিনের আন্দোলনের শরিকদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন। সরকার গঠনের পর রাজনৈতিক মূল্যায়ন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে শরিকদের মধ্যে কিছু অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে শরিক দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংশোধন, স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও সংবিধান সংস্কারের দাবিতে সরকারের ওপর চাপ তৈরির কৌশল নিয়ে এগোচ্ছে। লং মার্চ, বিভাগীয় সমাবেশ, জনসংযোগ এবং ঢাকাকেন্দ্রিক কর্মসূচির পরিকল্পনাও রয়েছে। এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরের রাজনৈতিক হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইউনিয়ন পরিষদের পর পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলগুলো প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে। বিএনপির জন্য এটি তৃণমূলের সাংগঠনিক শক্তি যাচাইয়ের সুযোগ। তবে একই এলাকায় একাধিক নেতার প্রার্থিতা, বিদ্রোহী প্রার্থী এবং স্থানীয় কোন্দল দলটির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।


