ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
কারাদণ্ডের পাশাপাশি রিফাতুল হককে আত্মসাৎ করা পুরো অর্থসহ অতিরিক্ত ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, দণ্ডবিধির ৪০৯ ধারার জরিমানার সম্পূর্ণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে ঢাকা ব্যাংক লিমিটেডকে দিতে হবে।
একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ব্যাংকটির অপারেশন ম্যানেজার এমরান আহম্মেদকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে তাঁকে ১০ বছর কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া দণ্ডবিধির ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধমূলক অসদাচরণের দায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে আদালত উল্লেখ করেছেন, প্রতিটি ধারার দণ্ড একের পর এক কার্যকর হবে। ফলে রিফাতুল হককে মোট ২০ বছরের সাজাই ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় নিরীক্ষা চালায়। এ সময় শাখার ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি ধরা পড়ে।
জিজ্ঞাসাবাদে রিফাতুল হক স্বীকার করেন, ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই অর্থ সরিয়ে আত্মসাৎ করেছেন তিনি।
এজাহারে উল্লেখ করা হয়, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ১ হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। বাইরে থেকে দেখলে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো; এভাবেই ভল্টের প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো।
ঘটনার পর বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক এবং শাখার তৎকালীন এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। এমরান আহমেদের বিরুদ্ধে ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থেকে যোগসাজশের অভিযোগ আনা হয়েছিল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন দুই আসামির বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০২৩ সালের ২২ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।


