হাসিনার ফেরার ইঙ্গিত, বাসে আগুন আর বিজয়ের মাস: নানামুখী শঙ্কা নিয়ে ডিসেম্বরের প্রস্তুতিতে বাংলাদেশ
গত বছরের ডিসেম্বর ছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম অস্থির একটি মাস। ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর মারা যান। তাঁর মৃত্যুর পর প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠনে হামলা হয়। এরপর ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এক বছর পর আবারও সামনে আসছে ডিসেম্বর, এবার ভিন্ন ধরনের অনিশ্চয়তা নিয়ে।
হাদির মৃত্যুবার্ষিকী এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তিই কেবল আলোচনার বিষয় নয়। একই সময়ে বেশ কিছু রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা দানা বাঁধছে, যার সম্মিলিত প্রভাব আগামী ডিসেম্বরকে বাংলাদেশের জন্য বেশ কঠিন করে তুলতে পারে। সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে শেখ হাসিনাকে ঘিরে। তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন।
গত ৯ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি লিখে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুরোধ জানায়। সেদিনই বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিষয়টি ওঠে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা ফিরতে চাইলে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বৈঠকে সভাপতিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
এর আগে ওই দিনই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নতুন পাসপোর্ট ও এনআইডির অনুরোধকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ চায় শেখ হাসিনাকে সাধারণ যাত্রী হিসেবে ফিরতে দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করা হোক। ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি এবং প্রত্যর্পণের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনতে সরকার কোনো আইনি বাধা দেখছে না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তাঁকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তিনি আইনি সুযোগ হারিয়েছেন এবং দেশে ফিরলেই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। দেশের একটি অংশে এখনো তাঁর সমর্থন থাকায় বাংলাদেশের রাজনীতিতে তিনি বিতর্কিত ও প্রভাবশালী একটি নাম।
সাম্প্রতিক দিনগুলোতে দেশের নিরাপত্তা পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে অন্তত ১৯টি বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, এই তিন দিনে রাজধানীতে ৪৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর সারা দেশে আরও ২২টি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেদিন একজন নিহত হন এবং অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। পুলিশের অভিযোগ, ডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরি করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালাচ্ছে।
ডিসেম্বরের রাজনৈতিক তাৎপর্যও এখানে গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের বিজয়ের মাস এবং বর্তমান বিএনপি সরকারের অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম বিজয় দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নিয়ে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক অতীত ও ভবিষ্যৎ নিয়ে বিতর্ককে আরও জটিল করে তুলেছে। নতুন সরকার কীভাবে বিজয় দিবস পালন করে এবং বিরোধী দলগুলো তা কীভাবে নেয়, সেখান থেকে নতুন উত্তেজনা তৈরি হতে পারে।
সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তি আরেকটি প্রশ্ন সামনে আনছে, সেই রাতের পর আদৌ কি কিছু বদলেছে। ১৮ ও ১৯ ডিসেম্বরের হামলাগুলো নিছক ভাঙচুর ছিল না। দ্য ডেইলি স্টার ও ডিসমিসল্যাবের এক অনুসন্ধানে দেখা গেছে, হামলার আগে অনলাইনে উসকানি দিয়ে সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছিল। অথচ প্রকাশ্যে এসব হুমকি দেওয়া হলেও ঘণ্টার পর ঘণ্টা তা উপেক্ষা করা হয়। এখন প্রশ্ন উঠছে, দায়ী ব্যক্তিদের কতজনকে বিচারের আওতায় আনা হয়েছে এবং সাংবাদিক, সম্পাদক ও সংস্কৃতিকর্মীরা এখন আগের চেয়ে নিরাপদ বোধ করছেন কি না।
এই সবকিছু ঘটছে ভারতের সঙ্গে এক অস্বস্তিকর সম্পর্কের প্রেক্ষাপটে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে ভারতে তাঁর অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় টানাপোড়েন তৈরি করেছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে তাঁর প্রত্যর্পণ চাইলেও নয়াদিল্লি এখনো তাঁকে হস্তান্তর করেনি। এরই মধ্যে বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে সম্প্রতি দাবি করেছেন, দেশভাগের সময় নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভুলবশত বাংলাদেশে চলে গিয়েছিল এবং ভারতের এগুলো পুনরুদ্ধার করা উচিত। তিনি ভারত সরকারের মুখপাত্র হিসেবে কথা না বললেও, আগেও অন্য ভারতীয় রাজনীতিবিদরা এমন বক্তব্য দিয়েছেন।
এই সমস্যাগুলোর প্রতিটি আলাদাভাবে সামাল দেওয়া সহজ হতো। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আইনি ও কূটনৈতিক, সাম্প্রতিক হামলাগুলো নিরাপত্তার প্রশ্ন, আর বিজয়ের মাস ও গণমাধ্যমে হামলার বার্ষিকী রাজনৈতিক দায়িত্ববোধ ও ইতিহাসের বিষয়। কিন্তু ডিসেম্বরে এসব ঘটনা আলাদাভাবে আসবে না, বরং সব একসঙ্গে ঘটবে। এমন সব প্রশ্ন মাথায় নিয়েই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম ডিসেম্বর পার করতে যাচ্ছে। এই মাসে কী ঘটছে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সরকার কীভাবে পরিস্থিতি সামাল দেয়।
বাংলাদেশ এর আগেও বহু কঠিন সময় পার করেছে, কিন্তু এবারের ডিসেম্বর একসঙ্গে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরীক্ষা নিতে পারে। আসল ভয়টা কোনো একটি ঘটনা সামাল দিতে না পারা নিয়ে নয়। বরং বড় ঝুঁকি হলো, এই ঘটনাগুলো একে অপরকে আরও উসকে দিতে পারে। ডিসেম্বর শেষে হয়তো বোঝা যাবে গত এক বছরে বাংলাদেশের কতটুকু পরিবর্তন হয়েছে, আর কোন কোন সমস্যা এখনো সমাধান হয়নি।
