জিনশা নদীর গিরিখাতে বাইহেতান: ১৬ হাজার মেগাওয়াটের কেন্দ্র থেকে বিদ্যুৎ পান সাড়ে ৭ কোটি মানুষ

চীনের জিনশা নদীর খাড়া গিরিখাতের ভেতরে গড়ে উঠেছে বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির কর্মকর্তারা একে বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন জ্বালানি করিডর হিসেবে বর্ণনা করেন। তাঁদের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রের বিদ্যুৎ সাড়ে সাত কোটি মানুষের চাহিদা মেটাতে পারে।
কেন্দ্রটির পরিচালনাকারীদের হিসাব অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাইহেতান থেকে ২৫ হাজার কোটি কিলোওয়াট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বছরে গড়ে প্রায় ৬ হাজার ২০০ কোটি কিলোওয়াট ঘণ্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে প্রকল্পটির।
সম্প্রতি কেন্দ্রটি পরিদর্শনের সময় পরিচালন বিভাগের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক লুও ইউয়ানওয়াং বলেন, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র এবং এটি সাড়ে সাত কোটি মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করেছে। তিনি জানান, প্রকল্পে বর্তমানে প্রায় ৪০০ কর্মী কাজ করছেন এবং কেন্দ্রটির উৎপাদনক্ষমতা ১৬ হাজার মেগাওয়াট।
বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান চীনের সিচুয়ান প্রদেশের নিংনান কাউন্টি ও ইউনান প্রদেশের ছিয়াওজিয়া কাউন্টিতে। জিনশা নদীর নিম্ন অববাহিকায় নির্মিত চারটি জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে বাইহেতান দ্বিতীয়; এর আগে উডংদে, এর পরে জিলুওদু ও শিয়াংজিয়াবা। উডংদে কেন্দ্র থেকে বাইহেতানের দূরত্ব প্রায় ১৮২ কিলোমিটার।
বাঁধটির নিয়ন্ত্রণাধীন অববাহিকার আয়তন ৪ লাখ ৩০ হাজার ৩০০ বর্গকিলোমিটার, যা বাঁধের উজানে জিনশা নদীর অববাহিকার প্রায় ৯১ শতাংশ। জলাধারের মোট ধারণক্ষমতা দুই হাজার কোটি ঘনমিটার; এর মধ্যে এক হাজার কোটি ঘনমিটার পানি নিয়ন্ত্রণ ও সংরক্ষণের জন্য এবং ৭৫০ কোটি ঘনমিটার বন্যানিয়ন্ত্রণের জন্য নির্ধারিত। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বন্যানিয়ন্ত্রণ, নৌ চলাচল ও স্থানীয় অর্থনৈতিক-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখার কথা প্রকল্পটির।
বাঁধটি কংক্রিটের তৈরি দ্বিবক্র আর্চ ড্যাম, যার চূড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪ মিটার। বাঁধের মূল কাঠামোয় পানি নিষ্কাশনের জন্য ছয়টি উপরিভাগের পথ ও সাতটি গভীর নিষ্কাশনপথ রয়েছে, আর বাঁ তীরে রয়েছে পানি নিষ্কাশনের তিনটি সুড়ঙ্গ।
ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রটি নদীর দুই তীরে নির্মাণ করা হয়েছে। প্রতিটি অংশে এক হাজার মেগাওয়াট ক্ষমতার আটটি করে ফ্রান্সিস টারবাইন-জেনারেটর ইউনিট রয়েছে। এই প্রকল্পকে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র বলা হয় এবং এর ভূগর্ভস্থ কক্ষগুলোর বিস্তৃতিও বিশ্বের মধ্যে সবচেয়ে বড়।
প্রকল্পটি নির্মাণে একাধিক প্রাকৃতিক ও ভূতাত্ত্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। প্রকল্প এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ বিউফোর্ট স্কেলে ১৩ মাত্রার সমান। খাড়া পাহাড়ি ভূপ্রকৃতিতে বাঁধের স্থানটি অসম আকৃতির ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো একটি উপত্যকায় অবস্থিত, ফলে পরিকল্পনা ও অবকাঠামোর বিন্যাস ছিল অত্যন্ত কঠিন।
প্রথমবারের মতো স্তম্ভাকার জয়েন্টযুক্ত ব্যাসল্ট শিলার ওপর বাঁধের ভিত্তি নির্মাণ করা হয়েছে। এই শিলা শক্ত ও ভঙ্গুর এবং এতে প্রচুর ফাটল রয়েছে; ফলে খননকাজ তুলনামূলক সহজ হলেও স্থিতিশীলতা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। পাশাপাশি প্রকল্প এলাকায় ভূমিধস ও পাহাড়ি ঢলের ঝুঁকি রয়েছে এবং ভূমিকম্প বিবেচনায় নিয়ে কঠোর নকশা ও নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করতে হয়েছে।
চীনের কর্মকর্তারা বাইহেতানকে বড় পরিসরে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের প্রচেষ্টার প্রতীক হিসেবে তুলে ধরেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বৃহৎ জলবিদ্যুৎকেন্দ্র দূরবর্তী বিদ্যুৎ-চাহিদাসম্পন্ন অঞ্চলে স্থিতিশীল ও কম কার্বন নিঃসরণে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এবং দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর বন্যানিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।


