কপ৩১ে বাংলাদেশের দাবি ঋণ নয় অনুদান, এনডিসি বাস্তবায়নে প্রয়োজন ১১৬ বিলিয়ন ডলার

তুরস্কের আন্তালিয়ায় চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। সম্মেলন শুরু হয়েছে ৯ নভেম্বর ২০২৬ এবং চলার কথা ২০ নভেম্বর পর্যন্ত। বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধানসহ শত শত প্রতিনিধি, গবেষক, বিজ্ঞানী, জলবায়ু কর্মী ও আন্দোলনকারী এতে যোগ দিয়েছেন। সম্মেলনের আলোচনায় রয়েছে কার্বন নিঃসরণ কমানো, বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ, অভিযোজন ক্ষমতা বাড়ানো এবং উন্নয়নশীল ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বাড়ানোয় সহযোগিতার সিদ্ধান্ত।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন শুরু হয়েছে ১৯৯৫ সাল থেকে। প্যারিস সম্মেলনে এ শতাব্দী শেষে বৈশ্বিক তাপমাত্রা যাতে ২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না যায়, সে বিষয়ে সনদ ঘোষিত হয়েছিল।
আর্থ সিস্টেম সায়েন্স ডেটা সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৩৯ ডিগ্রি বেশি ছিল, যার মধ্যে ১ দশমিক ৩৭ ডিগ্রি বৃদ্ধির জন্য দায়ী মানুষ। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, আর মাত্র চার-পাঁচ বছর পরই তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমারেখা স্পর্শ করবে এবং এই শতক শেষে তা ২ দশমিক ৭ বা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে।
গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা প্রতি শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিপজ্জনক মাত্রায় গরমের ঝুঁকিতে পড়ে বিশ্বের প্রায় ১৪ কোটি মানুষ, ঝুঁকিতে পড়ে খাদ্য উৎপাদন ও জীববৈচিত্র্যও। চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাপমাত্রা ১ ডিগ্রি বাড়লে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭ শতাংশের বেশি বেড়ে যায়, যার ফলে বাড়ে ঝড়-বৃষ্টি ও দুর্যোগ।
বাংলাদেশ থেকে ন্যূনতম গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হলেও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে; একই অবস্থায় রয়েছে নেপাল, মালদ্বীপ ও প্রশান্ত মহাসাগরীয় ছোট ছোট দ্বীপদেশ। বিশ্বব্যাংকের ২০২২ সালের ‘বাংলাদেশ কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট’ অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে গড়ে বছরে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়। একই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী তিন দশকে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ দেশের অভ্যন্তরে স্থানান্তরিত হতে পারে।
এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা ও কার্যকর প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। সম্মেলন থেকে বাংলাদেশ আশা করে, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় অভিযোজন কাজে অর্থায়ন বাড়ানো হবে এবং ক্ষয়ক্ষতি তহবিল থেকে সহজ শর্তে দ্রুত অর্থছাড় নিশ্চিত করা হবে। জলবায়ু ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ কোনো ঋণ নয়, অনুদান চায়।
বাংলাদেশের দাবির মধ্যে আরও রয়েছে উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাকবলিত এলাকার মানুষের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর প্রযুক্তি হস্তান্তর এবং বিকল্প কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাসহ একটি ন্যায্য রূপান্তর।
কার্বন নির্গমন কমানোয় বাংলাদেশ নিজেও প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ২০২৫ সালের সেপ্টেম্বরে তার তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান পরিকল্পনা ‘এনডিসি ৩.০’ জমা দিয়েছে। প্যারিস চুক্তির পর প্রতিটি দেশ নিজস্ব সক্ষমতা অনুযায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর এ ধরনের পরিকল্পনা করেছে।
এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে অতিরিক্ত কোনো ব্যবস্থা না নিলে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হতো, তার তুলনায় মোট ২০ দশমিক ৩১ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ দশমিক ৩৯ শতাংশ নিজস্ব সক্ষমতায় এবং অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার ওপর নির্ভরশীল।
এই পরিকল্পনা বাস্তবায়নে আনুমানিক ১১৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, যার বড় অংশ আন্তর্জাতিক সহযোগিতার ওপর নির্ভর করবে। বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির অংশ ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করেছে।
সরকার ইতিমধ্যে বৃক্ষরোপণ, নদী ও খাল খনন, বন ও জলাভূমি সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও সবুজ কর্মসংস্থানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।


