লাতিন গ্র্যামিতে ইতিহাস রোজালিয়ার: প্রথম নারী হিসেবে তিনবার বর্ষসেরা অ্যালবামের পুরস্কার

লাতিন গ্র্যামির ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন স্প্যানিশ পপ তারকা রোজালিয়া। প্রথম নারী শিল্পী হিসেবে তিনি তিনবার অ্যালবাম অব দ্য ইয়ার বা বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসেছিল ২৭তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই এই রেকর্ড গড়েন রোজালিয়া।
২০২৫ সালে মুক্তি পাওয়া ‘লাক্স’ অ্যালবামের জন্য এবার বর্ষসেরা অ্যালবামের পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে ২০১৯ সালে ‘এল মাল কুয়েরের’ এবং ২০২২ সালে ‘মোটোমামি’ অ্যালবামের জন্যও একই পুরস্কার জিতেছিলেন রোজালিয়া।
এবারের আসরে সব মিলিয়ে পাঁচটি ট্রফি জিতেছেন এই স্প্যানিশ তারকা। তাঁর ‘লা পেরলা’ গানটি জিতেছে বর্ষসেরা গান ও সেরা পপ গানের পুরস্কার। এ ছাড়া সেরা অলটারনেটিভ মিউজিক অ্যালবাম এবং ‘সোভিনিয়ন ব্ল্যাঙ্ক’ গানের জন্য সেরা শর্টফর্ম মিউজিক ভিডিওর পুরস্কারও পেয়েছেন তিনি।
পুরস্কার হাতে নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন রোজালিয়া। তিনি বলেন, ‘যারা আমাকে বলত আমি যথেষ্ট ভালো শিল্পী নই বা আমার মিউজিক খুব অদ্ভুত; ভাগ্যিস তাদের কথায় আমি কান দিইনি। সে কারণেই এখন আমি এই পুরস্কারগুলো জিতেছি।’
এবারের আসরের আরেক বড় আকর্ষণ ছিলেন পুয়ের্তো রিকোর রেগেটন কিংবদন্তি ড্যাডি ইয়াঙ্কি। প্রথম লাতিন আরবান শিল্পী হিসেবে তিনি পেয়েছেন ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা।
অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে মঞ্চ মাতান ড্যাডি ইয়াঙ্কি। তাঁর পারফরম্যান্সে যোগ দিয়েছিলেন র্যাপার ফ্রেঞ্চ মন্টানা ও এলএল কুল জে। তাঁদের সঙ্গে মঞ্চে উঠেছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জও। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে লাতিন গ্র্যামির মঞ্চে পারফর্ম করেছেন দিলজিৎ।
আসরের আরেকটি বড় চমক ছিল গায়ক ববি পুলিদোর বিদায়ের ঘোষণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে জয় পাওয়ার এক সপ্তাহ পর তিনি জিতেছেন ক্যারিয়ারের তৃতীয় লাতিন গ্র্যামি। ‘ববি পুলিদো অ্যান্ড ফ্রেন্ডস: উনা তুইয়া ই উনা মিয়া (ভলিউম ২/এন ভিভো)’ অ্যালবামের জন্য তিনি পেয়েছেন সেরা তেজানো অ্যালবামের পুরস্কার।
এই পুরস্কার জয়ের মধ্য দিয়েই সংগীতজগৎ থেকে অবসরের ঘোষণা দেন পুলিদো। তিনি জানিয়েছেন, এখন থেকে রাজনীতিতেই পুরোপুরি মনোনিবেশ করবেন তিনি।




-f5c1f0.jpg)