শ্রেণিবৈষম্যের গল্পে বিশ্বজুড়ে সাড়া ফেলল কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’
-f5c1f0.jpg)
আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তাঁর নতুন সিনেমা ‘পসিবল লাভ’, আর ৬ নভেম্বর মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সিনেমাটি ২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে দক্ষিণ কোরিয়ার মনোনয়ন পেয়েছে। ফলে মুক্তির পরপরই এটি শুধু দর্শকপ্রিয়তায় নয়, পুরস্কারের দৌড়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
‘পসিবল লাভ’-এ তুলে ধরা হয়েছে শ্রেণিবৈষম্যের এক মনস্তাত্ত্বিক গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে দুটি ভিন্ন শ্রেণির দম্পতি। বিত্তবান এক নির্মাতা দম্পতি একটি তথ্যচিত্র তৈরি করতে চায়, যার বিষয়বস্তু বন্ধ হয়ে যাওয়া কারখানার এক শ্রমিক-দম্পতির দৈনন্দিন জীবন।
কাজটি করতে গিয়ে এই চার ব্যক্তির সম্পর্ক ধীরে ধীরে এক অদ্ভুত, জটিল ও মনস্তাত্ত্বিক রূপ নেয়। শ্রেণিবৈষম্যের এমন চিত্রায়নের কারণে অনেকেই সিনেমাটিকে ২০১৯ সালের অস্কারজয়ী ‘প্যারাসাইট’-এর সঙ্গে তুলনা করছেন।
জনপ্রিয় রিভিউ সাইট রটেন টম্যাটোসে সিনেমাটি পেয়েছে ৯৮ শতাংশ ‘ফ্রেশ’ রেটিং। অনেক দর্শক ও সমালোচক এটিকে ‘বছরের সেরা সিনেমা’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
রোলিং স্টোন ম্যাগাজিন সিনেমাটিকে ‘একটি ট্র্যাজেডি, একটি টাইম বোমা এবং ২০২৬ সালের সেরা সিনেমা’ হিসেবে উল্লেখ করেছে। দ্য ডেইলি বিস্টের চলচ্চিত্র সমালোচক নিক শ্যাগার লিখেছেন, এটি সম্ভবত এই বছরের সেরা চলচ্চিত্র।
দ্য অবজারভারের সমালোচক ওয়েন্ডি আইড সিনেমাটির বুদ্ধিবৃত্তিক গভীরতা ও দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করেছেন। বিখ্যাত সমালোচক পিটার ট্রাভার্সও একে বছরের সেরা সিনেমাগুলোর একটি বলে স্বীকৃতি দিয়েছেন।
সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে অভিনেত্রী জন দো ইয়োনের অভিনয়। হলিউড রিপোর্টার ও ভোগ ম্যাগাজিনের পূর্বাভাস, এই সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন পেতে পারেন তিনি।
সেটি হলে জন দো ইয়োন হবেন এই বিভাগে মনোনয়ন পাওয়া প্রথম দক্ষিণ কোরীয় অভিনেত্রী। গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ারের পর থেকেই তাঁর অভিনয় নিয়ে আলোচনা চলছে।
ভেনিস উৎসবে ‘পসিবল লাভ’ জিতেছে মর্যাদাপূর্ণ ‘সিলভার লায়ন গ্র্যান্ড জুরি প্রাইজ’ ও ‘ফিপ্রেসি প্রাইজ’।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জন দো ইয়োন বলেছেন, তিনি খুব আনন্দিত যে তাঁরা অস্কারের দৌড়ে আছেন এবং মানুষ সিনেমাটি নিয়ে কথা বলছে। নেটফ্লিক্সে আসার পর তিনি নিজেও সিনেমাটি আরেকবার দেখেছেন বলে জানান। তাঁর ভাষায়, ‘পসিবল লাভ’ এমন একটি সিনেমা, যা একেক দর্শকের মনে একেক রকম রেশ রেখে যায় এবং দর্শক নিজেদের মতো করে নানা উপায়ে এর ব্যাখ্যা দাঁড় করাতে পারেন। সিনেমাটি নিয়ে এত আলোচনা ও প্রশংসা শুনে তিনি গর্বিত বলেও জানান।




