…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইতালির ডোলোমাইটসে অজানা গুহায় মিলল বিলুপ্ত গুহাভালুকের কঙ্কালের বিশাল ভান্ডার

নিজস্ব প্রতিবেদক
ইতালির ডোলোমাইটসে অজানা গুহায় মিলল বিলুপ্ত গুহাভালুকের কঙ্কালের বিশাল ভান্ডার
ছবি: সংগৃহীত

ইতালির ডোলোমাইটস পর্বতমালার একটি অজানা গুহা খুলে দিয়েছে বরফযুগের দুয়ার। বহু আগে বিলুপ্ত বিশালদেহী গুহাভালুকের কঙ্কালের এক বিশাল ভান্ডার রয়েছে সেখানে। বিবিসি সম্প্রতি দুর্গম সেই গুহার ভেতরের বিশেষ ছবি প্রকাশ করেছে।

পাহাড়ে চড়ার গাইড কার্ট ওয়ালডে সেদিন ছিলেন পর্বতমালার প্রায় খাড়া এক ঢালে। ২ হাজার ৮৫০ মিটারের কিছু বেশি উচ্চতায় তাঁর চোখ খুঁজছিল অজানা এক গুহার হদিস।

খসে পড়া পাথরে ভরা ঢাল বেয়ে নেমে পাহাড়ের গায়ের সরু সমতল জায়গায় পৌঁছান ওয়ালডে। তাঁর মনে হয়েছিল, ওখানেই গুহার মুখ মিলবে। তবে সেই আশা ভুল ছিল। কিছুটা হতাশ হলেও তিনি নিচে নামতে নামতে দড়ির শেষ প্রান্তে পৌঁছান।

ওয়ালডের শরীর সেদিন সকালে ভালো ছিল না। তিনি তবু ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক কাঁধে নিয়েছিলেন। শেষ কয়েক মিটার পথ তিনি দড়ির সাহায্য ছাড়াই পেরিয়ে গুহার মুখে পৌঁছান।

গুহার ভেতরে তাঁর হেডল্যাম্পের আলো গিয়ে পড়ে বরফযুগের কঙ্কালের এক বিশাল সমাধিক্ষেত্রে। বিশেষজ্ঞরা এগুলোকে ‘আরসাস লাডিনিকাস’ প্রজাতির গুহাভালুকের কঙ্কাল বলে ধারণা করছেন। প্রায় ২৪ হাজার বছর আগে এই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়।

নতুন গুহাটি ফানেস সেনেস ব্রাইস ন্যাচারাল পার্কের বিখ্যাত কন্টুরিনেস গুহার অপর পাশেই অবস্থিত। এখানে কন্টুরিনেসের চেয়ে অনেক বেশি হাড় রয়েছে। ১৯৮৭ সালে কন্টুরিনেস গুহার আবিষ্কার গুহাভালুক সম্পর্কে মানুষের ধারণা বদলে দিয়েছিল।

কন্টুরিনেসে পাওয়া বিশালদেহী গুহাভালুকগুলোর ওজন ছিল প্রায় ১ হাজার ২০০ কেজি। এগুলো লম্বায় হতো তিন মিটার। ভালুকগুলো শুধু আল্পস অঞ্চলের ভেষজ উদ্ভিদ, পাতা ও ঘাস খেয়ে বাঁচত।

ওয়ালডে ৪১ বছর ধরে পাহাড়ে চড়ার গাইড হিসেবে কাজ করছেন। তাঁর বিশ্বাস ছিল, কন্টুরিনেসে এখনো অনেক কিছু আবিষ্কারের বাকি। সাড়ে তিন বছর আগে পাহাড়ের গায়ে একটি কালো দাগ তাঁর নজর কেড়েছে। জায়গাটি দেখতে ২০২৬ সালের জুলাই মাসে অভিযানে নামেন তিনি।

গুহায় ঢুকেই কন্টুরিনেসের সঙ্গে মিল দেখে চমকে ওঠেন ওয়ালডে। গুহার প্রথম ৬০ মিটার পথ সোজা চলে গেছে। সেখানে টেবিলের মতো পাথরের স্তরের ওপর পড়ে থাকা একটি হাড় তাঁর চোখে পড়ে। আরও ভেতরে এগিয়ে তিনি অসংখ্য হাড় ও খুলির দেখা পান, যার মধ্যে ঘাড়ের কশেরুকার সঙ্গে যুক্ত একটি খুলিও ছিল।

গবেষকদের ধারণা, কন্টুরিনেসের হাড়গুলোর বয়স ৪৬ থেকে ৫০ হাজার বছর। বিজ্ঞানীরা স্থানীয় লাদিন জনগোষ্ঠীর নামে প্রজাতিটির নাম রেখেছেন আরসাস লাডিনিকাস। গুহার খনিজ স্তরগুলো ৬০ লাখ বছরের জলবায়ুর ইতিহাস ধরে রেখেছে।

নতুন গুহায় বিপুলসংখ্যক হাড় ছড়িয়ে রয়েছে। এগুলো বরফযুগের বিভিন্ন প্রাণীর হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। আল্পসের অন্যান্য গুহায় এর আগে গুহা সিংহ, হায়েনা ও চিতাবাঘের দেহাবশেষও পেয়েছেন বিজ্ঞানীরা।

ওয়ালডে এই আবিষ্কারের খবর জানান ক্রিশ্চিয়ান তেরজারকে। আগস্টের শুরুতে বলজানোর প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক হন তেরজার। গুহার নিদর্শন দূষিত হওয়ার আশঙ্কায় অনধিকার প্রবেশ ঠেকাতে প্রত্নতত্ত্ব বিভাগ হেলিকপ্টারে সরঞ্জাম পাঠায়। কর্মীরা ২০ মিটার ভেতরে একটি ফটক বসান এবং ত্রিপল দিয়ে এলাকাটি সিল করে দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি
আন্তর্জাতিক

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি

মঙ্গল গ্রহে ‘আলুর চিপস’ আকৃতির অস্বাভাবিক গঠন কীভাবে তৈরি হলো এবং সেগুলো কী দিয়ে গঠিত, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।…

আন্তর্জাতিক

হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে আইন পাস করল ইয়েমেনের পার্লামেন্ট

ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতভাবে একটি আইন অনুমোদন করেছে, যেখানে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গোষ্ঠীটির কার্যক্রম ও অর্থায়…

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ…

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার বলেছে, এটি হলো ওই ভূখণ্ডে ইসরায়…