একসঙ্গে অনেক সংকটের ঝুঁকিতে যুক্তরাজ্য ‘আত্মতুষ্ট ও অপ্রস্তুত’, সতর্ক করল লর্ডসের প্রতিবেদন

দ্রুত বদলাতে থাকা এবং পরস্পর জড়িত নানা হুমকির মুখে যুক্তরাজ্যের মন্ত্রীরা আত্মতুষ্টিতে ভুগছেন এবং দেশটি সম্ভাব্য বড় সংকট মোকাবিলায় অপ্রস্তুত, এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির পার্লামেন্টের একটি প্রতিবেদন। সাইবার হামলা, নাশকতা ও জলবায়ু সংকটের মুখে জাতীয় সহনশীলতা পরিকল্পনায় জরুরি নতুন পদ্ধতির আহ্বান জানানো হয়েছে এতে।
লর্ডসের জাতীয় সহনশীলতা কমিটি কয়েক মাস ধরে বিশেষজ্ঞদের শুনানি শেষে প্রতিবেদনটি তৈরি করেছে। এতে বলা হয়েছে, লেবার সরকার সম্প্রতি ‘বি রেডি’ নামে একটি প্রচারণা শুরু করে পরিবারগুলোকে খাবার ও পানির মজুত রাখার পরামর্শ দিলেও সাইবার হামলা, ছায়া-সহিংসতা কিংবা সমুদ্রের তলদেশের কেবলে হামলার পাশাপাশি চরম আবহাওয়া ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য হুমকির মাত্রা সম্পর্কে বেশির ভাগ মানুষই অবগত নন।
প্রতিবেদনে সহনশীলতা পরিকল্পনায় নতুন ও সুসংগত পদ্ধতির আহ্বান জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে এ জন্য নিবেদিত একজন মন্ত্রিপরিষদ মন্ত্রী নিয়োগ এবং প্রস্তুতির মাত্রা তুলে ধরতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পার্লামেন্টে বার্ষিক বিবৃতি দেওয়া।
আরেকটি সুপারিশ হলো, ডেনমার্ক ও সুইডেনের মতো দেশের আদলে প্রতিটি পরিবারের কাছে একটি পুস্তিকা পাঠানো, যাতে জরুরি পরিস্থিতির জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয় এবং তখন কী করতে হয়, তা জানানো থাকবে।
প্রতিবেদনে জনগণের সঙ্গে যোগাযোগের আরও নমনীয় উপায়ের কথাও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, অন্য ব্যবস্থা ব্যাহত হলে বিকল্প হিসেবে কাজ করতে পারে বলে ফ্রিভিউ-ধাঁচের ডিজিটাল টেরেস্ট্রিয়াল টিভি সংকেত বন্ধের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা।
কমিটির ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বর্তমান পরিকল্পনাগুলো প্রায়ই পুরোনো ও অতিমাত্রায় খণ্ডিত; সেগুলো বিদ্যুৎ বা পানি সরবরাহ বন্ধ কিংবা একটি সাইবার হামলার মতো একক জরুরি পরিস্থিতির জবাব ঘিরেই তৈরি, অথচ কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার হামলার ঝুঁকি ‘বহুগুণ বাড়িয়ে দেওয়ায়’ এখন একাধিক বিঘ্ন একসঙ্গে মিশে যাওয়ার ‘পলিক্রাইসিস’ বা বহুসংকট ক্রমেই বেশি সম্ভাব্য হয়ে উঠছে। কমিটি সতর্ক করেছে, ‘সরকারকে উদীয়মান হুমকিগুলোকে দূরবর্তী বা কাল্পনিক সমস্যা হিসেবে দেখলে চলবে না।’
প্রতিবেদনে বিশেষ দুর্বলতা হিসেবে ওষুধ ও খাদ্যের কথা তুলে ধরা হয়েছে। দুটোই অত্যন্ত কেন্দ্রীভূত ও মূলত আন্তর্জাতিক সরবরাহশৃঙ্খলের ওপর নির্ভরশীল, বিঘ্ন ঘটলে বিকল্পের সুযোগ প্রায় নেই। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের পেনিসিলিন-ধাঁচের অ্যান্টিবায়োটিকের ভিত্তি যৌগ ৬-এপিএর প্রায় ৯০ শতাংশই আসে চীন থেকে, বেশির ভাগ অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় চীন বা ভারতে; ইউরোপে এখন সমন্বিত পেনিসিলিন কারখানা আছে মাত্র একটি, যুক্তরাজ্যে একটিও নেই।
খাদ্যের ক্ষেত্রে কমিটিকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের খুচরা খাদ্যের প্রায় ৯৫ শতাংশ সরবরাহ করে মাত্র ৯টি কোম্পানি, ১৩১টি বিতরণকেন্দ্র থেকে। ফলে মাত্র কয়েকটি প্রতিষ্ঠানে বিঘ্ন ঘটলেই বড় ধরনের সংকট তৈরি হতে পারে। একইভাবে সমুদ্রের তলদেশের কেবলে হামলার ঝুঁকির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এই খাতে প্রভাবশালী বিটির হাতে কেবল মেরামতের জাহাজ আছে মাত্র দুটি—একটি ফরাসি মালিকানাধীন ও সাধারণত পাওয়া যায় না, অন্যটি যুক্তরাজ্যভিত্তিক হলেও ৩৫ বছরের পুরোনো।
সুপারিশে বলা হয়েছে, সহনশীলতার দায়িত্বে থাকা ক্যাবিনেট অফিসকে ছয় মাসের মধ্যে যথাযথ অর্থায়নসহ একটি জাতীয় সহনশীলতা কৌশল হাজির করতে হবে, যা হবে বর্তমান জাতীয় ঝুঁকি নিবন্ধনের (যেখানে ৮৭টি আলাদা বিষয় তালিকাভুক্ত) চেয়ে বেশি সুসংগত মূল্যায়ন। এ ছাড়া স্বেচ্ছাসেবী ও বেসামরিক সংরক্ষিতদের একটি জাতীয় নিবন্ধন তৈরির এবং সহনশীলতা প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের বেতনসহ ছুটির অধিকারের সম্ভাবনা বিবেচনার কথাও বলা হয়েছে।
কমিটির সভাপতি ক্রসবেঞ্চ পিয়ার জিন কুসিন্স বলেছেন, ঝুঁকিগুলো তুলে ধরতে মন্ত্রীদের ‘সংকোচ’ করা উচিত নয়। তাঁর ভাষায়, ‘প্রমাণ বলছে, খোলামেলা তথ্য পেলে জনগণ আতঙ্কিত নয়, বরং আশ্বস্ত হবে। জরুরি পরিস্থিতিতে এগিয়ে আসতে মানুষ যথেষ্টই ইচ্ছুক, তবে কেন ও কীভাবে, তা তাদের কাছে কম স্পষ্ট।’
ক্যাবিনেট অফিসের একজন মুখপাত্র বলেছেন, সুনির্দিষ্ট সুপারিশগুলো সরকার ‘যত্ন করে পর্যালোচনা’ করবে, তবে সরকার এরই মধ্যে দ্রুতগতিতে কাজ করছে। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, পরিবারগুলোর সচেতনতা বাড়াতে জাতীয় প্রচারণা, আগামী বছর সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় স্বদেশ প্রতিরক্ষা মহড়া এবং মহামারি নিরাপত্তায় ১০০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগের মতো কাজ চলছে; তবে যুক্তরাজ্যকে যতটা সম্ভব সহনশীল দেশে পরিণত করতে আরও কাজ বাকি আছে এবং মিত্রদের কাছ থেকে শেখার কথাও বলেছেন তিনি।




