নলছিটিতে ঘরে সিঁধ কেটে ঢুকে নারীকে হত্যা: ১৪ মাস পর প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে বসতঘরে সিঁধ কেটে ঢুকে সুখি বেগম (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। ঘটনার প্রায় ১৪ মাস পর রোববার বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে মো. হাসান হাওলাদার (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের দেয়াল কেটে ভেতরে ঢোকে।
এজাহারে বলা হয়েছে, দুর্বৃত্তরা ঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তদের একজনকে চিনে ফেলেন সুখি বেগম। এরপর মোবাইল ফোনের চার্জারের তার তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। পরে ঘর থেকে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর সুখি বেগমের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে প্রধান অভিযুক্ত হিসেবে হাসান হাওলাদারের নাম উঠে আসে।
এসআরবি-৮-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসান হাওলাদারকে গ্রেপ্তারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ব্যাটালিয়ন অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এরপর এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, গ্রেপ্তারের পর হাসান হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




