সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেলের মৃত্যু, তদন্ত চলছে বলল পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরির সময় বাড়ির মালিক বিষয়টি টের পান। তিনি ‘চোর, চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে সোহেলকে আটক করেন।
পরে সোহেলকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে গণপিটুনি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং তদন্ত চলছে।




