…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তিতে কেন রাজি নয় চীন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের শীর্ষ পরমাণু অস্ত্রধারী দেশগুলো শিগগিরই প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে একটি নতুন পরমাণু অস্ত্র চুক্তির জন্য চাপ দিচ্ছেন।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে, এ সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন।

ওয়াশিংটন ও মস্কোর জন্য আলোচনার শীর্ষে রয়েছে নিউ স্ট্রাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ স্টার্ট)। ফেব্রুয়ারিতে চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে, যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের ওপর অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চলা সীমাবদ্ধতার অবসান ঘটেছে।

ট্রাম্প এর আগে চুক্তিটির মেয়াদ বাড়ানোর রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি চীনের অন্তর্ভুক্তি নিয়ে একটি ‘নতুন, উন্নত ও আধুনিকায়িত’ চুক্তি চান। কিন্তু চীন দীর্ঘদিন ধরেই ইঙ্গিত দিয়ে আসছে, কোনো পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দিতে তারা প্রস্তুত নয়।

নিউ স্টার্ট স্বাক্ষরিত হয়েছিল ২০১০ সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে। ২০২১ সালে জো বাইডেনের আমলে চুক্তিটির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী রাশিয়া ও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি কৌশলগত পরমাণু ওয়ারহেড ও সর্বোচ্চ ৭০০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান মোতায়েন করতে পারত এবং এক পক্ষ অন্য পক্ষের কৌশলগত পরমাণু অস্ত্র ঘাঁটি বছরে সর্বোচ্চ ১৮ বার পরিদর্শনের অনুমতি পেত।

এর আগের ধারাবাহিকতায় ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্টার্ট-১ স্বাক্ষরিত হয়, যা ২০০৯ সাল পর্যন্ত কার্যকর ছিল। ১৯৯৩ সালে স্বাক্ষরিত স্টার্ট-২ কখনো কার্যকর হয়নি; ২০০২ সালে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তা থেকে সরে আসে। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত স্ট্রাটেজিক অফেনসিভ রিডাকশনস ট্রিটি (সর্ট) একই উদ্দেশ্যে ছিল, তবে তাতে নজরদারি ছিল কম।

২০২০ সালে কোভিড-১৯ মহামারি এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর দুই দেশের মধ্যে সরেজমিন পরিদর্শন বন্ধ হয়ে যায়। তবু চুক্তিটি বিশ্বের দুই বৃহত্তম পরমাণু শক্তির মধ্যে কিছুটা ভারসাম্য ও যাচাইয়ের সুযোগ দিত। দুই দেশ মিলে বিশ্বের মোট পরমাণু ওয়ারহেডের প্রায় ৮৬ শতাংশের মালিক।

যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিনান্নো ফেব্রুয়ারিতে বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র একাধিক পরমাণু শক্তির হুমকির মুখোমুখি। সংক্ষেপে, ২০২৬ সাল ও তার পরে শুধু একটি পরমাণু শক্তির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি আর উপযুক্ত নয়।’ একই মাসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চীনের বিশাল ও দ্রুত বর্ধনশীল মজুতের কারণে চীনকে অন্তর্ভুক্ত না করে একবিংশ শতাব্দীতে সত্যিকারের অস্ত্র নিয়ন্ত্রণ সম্ভব নয়—ট্রাম্প তা স্পষ্ট করেছেন।

ওয়াশিংটন চায়, উত্তরসূরি চুক্তিতে নিউ স্টার্টের আওতার বাইরে থাকা অস্ত্রও অন্তর্ভুক্ত হোক। ডিনান্নো বলেছেন, নতুন চুক্তিকে রাশিয়ার সব পরমাণু অস্ত্র—নতুন ও বিদ্যমান কৌশলগত ব্যবস্থা—এবং চীনের পরমাণু মজুতের দ্রুত বৃদ্ধি বিবেচনায় নিতে হবে।

বেইজিংয়ের অনিচ্ছার বড় কারণ ওয়ারহেড সংখ্যার বিশাল ব্যবধান। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (সিপ্রি) হিসাব অনুযায়ী চীনের ওয়ারহেড আনুমানিক ৬২০টি, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের রয়েছে ৫ হাজারের বেশি। তবে সিপ্রির তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে বছরে প্রায় ১০০টি নতুন ওয়ারহেড যোগ করে চীনের পরমাণু অস্ত্রভান্ডার যেকোনো দেশের তুলনায় দ্রুত বাড়ছে।

ফেব্রুয়ারিতে নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘চীনের পরমাণু বাহিনী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার একই পর্যায়ে নয় এবং এই পর্যায়ে চীন নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেবে না।’

চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ঝাও মিংহাও এই অনিচ্ছার পেছনে ‘কাঠামোগত অসমতা’র কথা বলেছেন। তাঁর ভাষ্য, চীন ঘোষিত ‘প্রথমে ব্যবহার নয়’ নীতি ও ‘ন্যূনতম প্রতিরোধ’ অবস্থান বজায় রাখে। ঝাও আরও বলেন, যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি ও মধ্যপাল্লার পরমাণু বাহিনী চুক্তিসহ সংশ্লিষ্ট কয়েকটি চুক্তি থেকে সরে আসায় একটি ‘বিশ্বাসযোগ্যতার সমস্যা’ও রয়েছে।

তসিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সুন চেংহাও বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, নিখুঁত আঘাত হানার সক্ষমতা ও উদীয়মান প্রযুক্তি চীনের পাল্টা আঘাতের সক্ষমতাকে দুর্বল করতে পারে—চীনা মূল্যায়নে এসবও বিবেচনায় থাকে। আন্তর্জাতিক সংকট গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াংয়ের মতে, বেইজিংয়ের জন্য স্পষ্ট কোনো সুবিধা নেই এবং যেকোনো চুক্তিকে তাদের পরমাণু আধুনিকায়ন সীমিত করার কৌশল হিসেবে দেখা হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগে নিজেদের অস্ত্রভান্ডার প্রকৃত সমতার দিকে কমিয়ে আনলেই কেবল চীন ত্রিপক্ষীয় কাঠামোতে যুক্ত হতে পারে। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেহান্দ্রো রেইয়েস বলেন, ‘মৌলিক বাধা হলো রাজনৈতিক আস্থা। প্রতিটি পক্ষ নিজের পরমাণু সক্ষমতাকে প্রতিরক্ষামূলক মনে করে, অথচ অন্যের আধুনিকায়ন কর্মসূচিকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি
আন্তর্জাতিক

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি

মঙ্গল গ্রহে ‘আলুর চিপস’ আকৃতির অস্বাভাবিক গঠন কীভাবে তৈরি হলো এবং সেগুলো কী দিয়ে গঠিত, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।…

আন্তর্জাতিক

হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে আইন পাস করল ইয়েমেনের পার্লামেন্ট

ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতভাবে একটি আইন অনুমোদন করেছে, যেখানে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গোষ্ঠীটির কার্যক্রম ও অর্থায়…

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ…

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার বলেছে, এটি হলো ওই ভূখণ্ডে ইসরায়…