কুনমিং থেকে কিয়াউকফিউ হয়ে বাংলাদেশ: চীনের প্রস্তাবিত করিডর কোন পথে আসবে
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের উপকূলীয় কিয়াউকফিউ বন্দর, আর সেই বন্দর থেকে সমুদ্রপথে বাংলাদেশ — এই পথ ধরে কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছে চীন।
গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে করিডরটির প্রস্তাব দেন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়।
চীনের প্রাথমিক পরিকল্পনা হলো, কুনমিং থেকে মিয়ানমারের রুইলি, মুসে, মান্দালয় হয়ে রাখাইনের কিয়াউকফিউ পর্যন্ত স্থলপথে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ। কিয়াউকফিউ থেকে বাংলাদেশ পর্যন্ত যোগাযোগব্যবস্থা হবে সমুদ্রপথকেন্দ্রিক।
তবে এই করিডরের সুনির্দিষ্ট পথ এখনো ঠিক হয়নি। কোন পথে পণ্য পরিবহন হবে, বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে কিংবা স্থল ও সমুদ্রপথের মধ্যে কীভাবে সমন্বয় হবে, এসব বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীন সফরে ছিলেন — এমন বেশ কয়েকজন বাংলাদেশি কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কুনমিং থেকে কিয়াউকফিউ বন্দর পর্যন্ত যোগাযোগব্যবস্থা হবে স্থলপথের। এই বন্দর থেকে ছোট নৌযান (ফিডার ভেসেল) বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে আসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং সফরে গিয়েছিলেন গত জুনের শেষ দিকে। জুনের শুরুর দিকে বেইজিং সফর করেছিলেন তৎকালীন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এর আগে মে মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিং সফর করেছিলেন। চীন কোন পথে করিডর করতে চায়, সে ধারণা এই দুজনের সঙ্গে আলোচনায় প্রাথমিকভাবে দিয়েছিলেন চীনা কর্মকর্তারা।
বেইজিংয়ের এবারের প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ভারতকে বাইরে রেখে তিন দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগের একটি কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।
বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক যোগাযোগের ধারণাটি একেবারে নতুন নয়। এর সঙ্গে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত বিসিআইএম অর্থনৈতিক করিডরের পুরোনো একটি পরিকল্পনার যোগসূত্র। ওই উদ্যোগের লক্ষ্য ছিল কুনমিং থেকে মিয়ানমার ও বাংলাদেশ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত একটি আঞ্চলিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা।
২০১৩ সালে চার দেশের মধ্যে বিসিআইএম নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। একই বছর কুনমিংয়ে চার দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। ২০১৪ সালে বাংলাদেশেও এই উদ্যোগ নিয়ে আলোচনা এগোয়। কিন্তু সীমান্ত বিরোধের জেরে বেইজিং–নয়াদিল্লি সম্পর্কের অবনতি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নিয়ে ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত বিসিআইএম আলোর মুখ দেখেনি।
বিসিআইএম উদ্যোগটি একেবারে বাদ দেওয়া হয়নি। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী চীন সফর করেন। এই সফরে দুই দেশের যৌথ বিবৃতিতে বিসিআইএমের গুরুত্ব স্বীকার করা হয়। ২০২৫ সালের মার্চে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরে আঞ্চলিক যোগাযোগ ও বিআরআই নিয়ে আলোচনা হয়েছিল।
কিয়াউকফিউ চীনের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে চীনের গভীর সমুদ্রবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। চীন–মিয়ানমারের মধ্যে বিদ্যমান তেল ও গ্যাস পাইপলাইনও কিয়াউকফিউ বন্দরের সঙ্গে যুক্ত। এই নেটওয়ার্কের সঙ্গে এবার বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা সামনে এনেছে চীন।
প্রাথমিকভাবে কিয়াউকফিউ থেকে সমুদ্রপথে বাংলাদেশের বন্দরের সঙ্গে পরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়টি এগিয়ে নিতে চাইছে চীন। তবে বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে, কত ঘন ঘন জাহাজ চলাচল করবে, কী পরিমাণ পণ্য পরিবহন করা হবে — এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া এই ব্যবস্থার অর্থনৈতিক সম্ভাব্যতাও স্পষ্ট নয়।
এখানে দুটি বিষয় আলাদা করে দেখা জরুরি। এক, কুনমিং থেকে কিয়াউকফিউ পর্যন্ত স্থলভিত্তিক যোগাযোগব্যবস্থা পুরোপুরি কার্যকর করা। দুই, কিয়াউকফিউ থেকে সমুদ্রপথে বাংলাদেশে পণ্য আনা-নেওয়া। দ্বিতীয়টির ভবিষ্যৎ অনেক বেশি নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর। রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং সেখানকার অধিকাংশ জায়গা আরাকান আর্মি দখলে নেওয়ায় চীন–মিয়ানমার–বাংলাদেশ সংযুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে।



