ব্রিটেনে মাশরুম চাষের কিট কিনতে মানা বিশেষজ্ঞদের, গোল্ডেন ওয়েস্টার এখন উচ্চঝুঁকির আক্রমণাত্মক প্রজাতি

বাড়িতে মাশরুম চাষের কিট কিনতে ব্রিটেনের মাশরুমপ্রেমীদের সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এসব কিটের অনেকগুলোতেই আক্রমণাত্মক প্রজাতি থাকে, যা বনভূমির ক্ষতি করছে।
রয়্যাল হর্টিকালচারাল সোসাইটির (আরএইচএস) বিশেষজ্ঞসহ ছত্রাকবিদদের একটি আন্তর্জাতিক দল বলেছে, ঘরে সহজে মাশরুম ফলানোর এসব কিটে আক্রমণাত্মক প্রজাতি থাকে। খাওয়ার উপযোগী গোল্ডেন ওয়েস্টার মাশরুম এর একটি প্রিয় ধরন।
গোল্ডেন ওয়েস্টার ব্রিটেনের বনে দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে দেখা গেছে। বনভূমির ওপর নেতিবাচক প্রভাবের কারণে এটিকে এখন আনুষ্ঠানিকভাবে উচ্চঝুঁকির আক্রমণাত্মক প্রজাতি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
বিজ্ঞানীরা বলেছেন, গোল্ডেন ওয়েস্টার অন্তত দুটি ব্রিটিশ বনে বন্য পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, আর এর সবচেয়ে সম্ভাব্য প্রবেশপথ হলো চাষের কিট থেকে পালিয়ে যাওয়া বা ছেড়ে দেওয়া।
পূর্ব এশিয়ার স্থানীয় এই মাশরুম প্রজাতি অন্য মহাদেশেও আক্রমণাত্মক হিসেবে দেখা গেছে, কারণ এর বাতাসে ছড়ানো স্পোর হাজার হাজার মাইল ভ্রমণ করতে পারে, ফলে এর বিস্তার থামানো অসম্ভব হয়ে পড়ে। এটি ২০১২ সালে যুক্তরাষ্ট্রে পৌঁছায় এবং ২৫টি অঙ্গরাজ্য ও প্রায় ২০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
গবেষণায় দেখা গেছে, এই প্রজাতি এত সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে যে, কাঠে বসবাসকারী উপকারী স্থানীয় ছত্রাকের পরিমাণ অর্ধেক পর্যন্ত কমিয়ে দিতে পারে।
আক্রমণাত্মক প্রকৃতি সত্ত্বেও গোল্ডেন ওয়েস্টার বাণিজ্যিকভাবে বিক্রি করা এখনো বৈধ, এবং চাষের কিট অনলাইনে ও বড় খুচরা বিক্রেতাদের কাছে ব্যাপকভাবে পাওয়া যায়। আরএইচএস আর তাদের অনুষ্ঠানে গোল্ডেন ওয়েস্টার প্রদর্শন করে না, দোকানেও বিক্রি করে না; বরং ঘরে চাষ করা যায় এমন স্থানীয় প্রজাতি, যেমন লায়নস মেন, তুলে ধরে।
আরএইচএসের জ্যেষ্ঠ উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ ড. জ্যাসি ড্রাকুলিচ বলেন, ছত্রাক নিয়ে জনসাধারণের আগ্রহ বাড়া উদ্যাপনের বিষয়, তবে সেগুলো আরও ব্যাপকভাবে চাষ ও বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে জীবনিরাপত্তার ঝুঁকিও চিনতে হবে। ব্রিটেনে গোল্ডেন ওয়েস্টারের পালিয়ে যাওয়া দেখায়, আক্রমণাত্মক ছত্রাক ব্যবস্থাপনায় বড় একটি ফাঁক রয়ে গেছে।
তিনি বলেন, ছত্রাক বন্য পরিবেশে খুঁজে পাওয়া কঠিন, কারণ ফল ধরার আগ পর্যন্ত সেগুলো বেশির ভাগই অদৃশ্য থাকে; তাই স্থানীয় বাস্তুতন্ত্র স্থায়ীভাবে বদলে দিতে পারে এমন প্রজাতির প্রবেশ ঠেকাতে শক্তিশালী নীতি দরকার। ভবিষ্যতের জন্য জীববৈচিত্র্য রক্ষায় আক্রমণাত্মক ছত্রাকের জন্য একটি নির্দিষ্ট কৌশল তৈরি করা জরুরি।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের ছত্রাকবিদ ঐশ্বর্য বীরবাহু বলেন, বিক্রি হওয়া প্রতিটি গোল্ডেন ওয়েস্টার মাশরুম কিট এই প্রজাতিকে প্রকৃতিতে প্রতিষ্ঠিত হয়ে সেখান থেকে ছড়িয়ে পড়ার সুযোগ দেয়। তাঁর ভাষায়, মাশরুম কিট গোল্ডেন ওয়েস্টারকে যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে দ্রুত ছড়াতে সাহায্য করেছে; এক দশকেরও কম সময়ে এটি উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা দখল করেছে এবং এর পূর্ণ পরিবেশগত প্রভাব এখনো প্রকাশ পাচ্ছে।
তিনি বলেন, ব্রিটেনে গোল্ডেন ওয়েস্টার এখনো খুব বেশি দূর ছড়ায়নি, তাই এটিকে আক্রমণাত্মক হয়ে ওঠা থেকে ঠেকানোর লড়াইয়ের সুযোগ এখনো আছে। ব্রিটেনের ছত্রাক জীববৈচিত্র্য ও প্রিয় স্থানীয় খাওয়ার উপযোগী প্রজাতি রক্ষায় মানুষকে মাশরুম কিট কেনা আপাতত বন্ধ রাখতে বলা হচ্ছে।




