…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সেপ্টেম্বরে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ প্রায় থেমে গেছে, তিন মাসে সরকারের নিট ঋণ ২ হাজার ৪৮৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বরে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ প্রায় থেমে গেছে, তিন মাসে সরকারের নিট ঋণ ২ হাজার ৪৮৯ কোটি টাকা
ছবি: সংগৃহীত

সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ গ্রহণ বাড়লেও কমে গেছে প্রবৃদ্ধির গতি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ গ্রহণের প্রবৃদ্ধি ছিল ৫৭ শতাংশ; তবে সেপ্টেম্বর মাসে বিনিয়োগে বড় ধরনের পতনের কারণে প্রথম তিন মাসের প্রবৃদ্ধি নেমে এসেছে ২৮ শতাংশে।

অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ এসেছে ২ হাজার ৪৮৯ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯৪৫ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে নিট ঋণ বেড়েছে ৫৪৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ গ্রহণ ছিল ২ হাজার ৪৬৩ কোটি টাকা, আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৭২ কোটি টাকা। কিন্তু সেপ্টেম্বরে এসে এ ধারায় বড় ছন্দপতন ঘটে। ওই মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ এসেছে মাত্র ২৬ কোটি টাকা; আগের অর্থবছরের একই মাসে ছিল ৩৭৩ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে নিট ঋণ কমেছে ৩৪৭ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ ছিল ২ হাজার ৫৯ কোটি টাকা, আগের অর্থবছরের একই মাসে ১ হাজার ২৯৩ কোটি টাকা—বেড়েছে ৭৬৬ কোটি টাকা বা প্রায় ৫৯ শতাংশ। আগস্টে নিট বিনিয়োগ দাঁড়ায় ৪০৩ কোটি টাকা, যা আগের বছরের একই মাসের ২৭৮ কোটি টাকার তুলনায় ১২৫ কোটি টাকা বা প্রায় ৪৫ শতাংশ বেশি। তবে সেপ্টেম্বরে নিট বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তিন মাসের সামগ্রিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে।

সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ বলতে নতুন সঞ্চয়পত্র বিক্রির অর্থ থেকে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের আসল ও মুনাফা পরিশোধের পর সরকারের হাতে থাকা উদ্বৃত্ত অর্থকে বোঝায়। এ অর্থ সরকার উন্নয়নসহ বিভিন্ন ব্যয়ে ব্যবহার করে। ফলে সঞ্চয়পত্র সরকারের অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে. মুজেরী বলেন, দেশের ব্যাংকিং খাত এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি; ফলে আমানতকারীদের মধ্যে অনিশ্চয়তা ও আস্থার ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপ সামলে মানুষের হাতে যে সামান্য সঞ্চয় থাকছে, তা নিরাপদ রাখতে অনেকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন। তাঁর মতে, সঞ্চয়পত্রে মূলধন হারানোর ঝুঁকি নেই, প্রয়োজন হলে নগদায়ন করা যায় এবং মুনাফার হারও তুলনামূলক ভালো—এসব কারণে এ মাধ্যমে মানুষের আগ্রহ রয়েছে।

তবে মুজেরী সতর্ক করে বলেন, সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে ভবিষ্যতে মুনাফা পরিশোধের দায়ও বাড়ে; এতে সরকারের সুদ ব্যয়ের ওপর চাপ তৈরি হয়। তাই এ উৎস থেকে ঋণ সংগ্রহের ক্ষেত্রে ঋণের ব্যয় ও পরিশোধের সক্ষমতা বিবেচনায় রাখা জরুরি।

২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল; পরে সংশোধিত বাজেটে তা কমিয়ে ১১ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। তবে অর্থবছর শেষে নতুন করে নেওয়া ঋণের চেয়ে ৪৩৬ কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে—অর্থাৎ ওই অর্থবছরে সঞ্চয়পত্র থেকে নিট ঋণ গ্রহণের বদলে নিট ঋণ পরিশোধের পরিস্থিতি তৈরি হয়েছিল।

এর ধারাবাহিকতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আরও কমিয়ে ৮ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংকব্যবস্থা থেকে সরকার নিট ২৪ হাজার ২৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিবর্তে সরকার ৬ হাজার ৯২৬ কোটি টাকা পরিশোধ করেছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…