কট্টর ডানপন্থীদের বাধা পেরিয়ে নেসেটের ডেপুটি স্পিকার আরব নেতা আহমেদ তিবি

ইসরায়েলের কট্টর ডানপন্থীদের বাধা পেরিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ইসরায়েলি আরব নেতা আহমেদ তিবি। চিকিৎসক থেকে রাজনীতিক হয়ে ওঠা তিবি একসময় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের উপদেষ্টা ছিলেন; এখন ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়েই দেশটিকে ‘সব নাগরিকের রাষ্ট্র’ করার দাবি তুলেছেন তিনি।
সাম্প্রতিক ভোটে নির্বাচিত হওয়ার পর তিবি আল-জাজিরাকে বলেন, ‘লিকুদ পার্টি ও ইতামার বেন গভির আমাকে ডেপুটি নির্বাচিত করা ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বেপরোয়া উসকানি দিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের এই ব্যর্থতাকে রাজনৈতিক জয় হিসেবে দেখছেন তিবি।
ইসরায়েলের আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর জোট জয়েন্ট লিস্টের কথা উল্লেখ করে তিবি বলেন, ‘১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্টের জন্য এটি ন্যায্য অর্জন।’ তিবি আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তা’আল পার্টির চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্ব করছেন।
ডেপুটি স্পিকারের দায়িত্ব তিবির জন্য নতুন নয়। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) পরিচিতি অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৩ সালেও তিনি এই পদে ছিলেন।
তিবির জন্ম ১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর, তৎকালীন ফিলিস্তিন ভূখণ্ডের উত্তরাঞ্চলের তাইবে শহরে। তাঁর পরিবার ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত হয়েছিল — উদ্বাস্তু পরিবারে জন্ম নেওয়া এই নেতার শৈশব কেটেছে সেই বাস্তুচ্যুতির ছায়ায়।
প্রথমে চিকিৎসাকেই পেশা হিসেবে বেছে নেন তিবি। ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে চিকিৎসাশাস্ত্রে স্নাতক হন তিনি। তবে রাজনৈতিক সক্রিয়তা একসময় তাঁর চিকিৎসক পরিচয়কে ছাপিয়ে যায়।
১৯৮৪ সালে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে দেখা করেন তিবি। তখন ইসরায়েলের আইনে পিএলওকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে গণ্য করা হতো। দেশে ফেরার পর ইসরায়েলি পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে, তবে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।
তিবি ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ওয়াই রিভার সম্মেলনে তিনি ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্রের দায়িত্ব পালন করেন। নেতানিয়াহু তখন প্রথম মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী; ওই সম্মেলনে অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয় ইসরায়েল, অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনের অভিযান জোরদারে সম্মত হয়। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য চুক্তির মতো ওয়াই রিভার সমঝোতাও অল্প সময়ের মধ্যে পরিত্যাগ করে ইসরায়েল।
১৯৯৬ সালে একদল আরব শিক্ষাবিদকে সঙ্গে নিয়ে তিবি তা’আল দল প্রতিষ্ঠা করেন। তার তিন বছরের মাথায় ১৯৯৯ সালে তিনি প্রথমবারের মতো নেসেটের সদস্য নির্বাচিত হন; ওই নির্বাচনে তিনি বালাদের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে বালাদ থেকে পদত্যাগ করে তিনি তা’আল পুনর্গঠন করেন।
নিজের পরিচয় দিতে গিয়ে তিবি বলেন, তিনি ‘ইসরায়েলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি’। ফিলিস্তিনি শরণার্থীদের ইসরায়েলে ফিরে আসার অধিকার ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে তাঁর অবস্থান। ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করে তিনি দেশটিকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ আখ্যা দেন এবং দাবি তোলেন, এটিকে ‘সব নাগরিকের রাষ্ট্র’ হতে হবে।
স্পষ্টভাষী অবস্থান ও রাজপথে সক্রিয় থাকার কারণে তিবি বারবার ইসরায়েলি সরকার এবং কট্টর ডানপন্থী কর্মীদের নিশানা হয়েছেন। দ্বিতীয় ইন্তিফাদার সময় ২০০০ সালের সেপ্টেম্বরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অ্যারিয়েল শ্যারনের প্রবেশের বিরোধিতা করতে গিয়ে তাঁর ডান হাত ভেঙে যায়।




