…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সারা দেশে নদী-খাল খননে ৬ হাজার ৯২২ কোটি টাকার প্রকল্প, বুধবার উঠছে একনেকে

নিজস্ব প্রতিবেদক
সারা দেশে নদী-খাল খননে ৬ হাজার ৯২২ কোটি টাকার প্রকল্প, বুধবার উঠছে একনেকে
ছবি: সংগৃহীত

দেশের নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে বড় একটি প্রকল্প নিয়েছে সরকার। এর মাধ্যমে আট বিভাগের ৬৪ জেলার ৪৪৪টি উপজেলায় খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখনন করা হবে।

জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচসুবিধা বাড়ানো, মৎস্যসম্পদ উন্নয়ন এবং নদীভাঙন রোধের লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯২২ কোটি টাকা। এই অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

'দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচসুবিধা বৃদ্ধি' শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর মেয়াদ প্রস্তাব করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

প্রকল্পটি কাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হবে। প্রকল্পের আওতায় শুধু খননকাজ নয়, নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ, পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং ডিজিটাল ডেটাবেজ তৈরির পরিকল্পনাও রয়েছে।

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে ২০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তার অংশ হিসেবেই এই প্রকল্পটি নেওয়া হয়েছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ১ হাজার ৪৮১টি খাল খনন ও পুনঃখনন করা হবে, যার মোট দৈর্ঘ্য ৬ হাজার ২৯৭ কিলোমিটার। এসব খাল থেকে প্রায় ১ হাজার ৬৮৬ লাখ ঘনমিটার মাটি অপসারণের পরিকল্পনা রয়েছে। খাল খননে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৪৭ কোটি টাকা, যা প্রকল্পের মোট ব্যয়ের সবচেয়ে বড় অংশ।

এ ছাড়া ১৫১টি ছোট নদীর ২ হাজার ৫৭০ কিলোমিটার খনন ও পুনঃখনন করা হবে। এই কাজে মাটি কাটার পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ১ হাজার ৬১৩ লাখ ঘনমিটার এবং ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১২৪ কোটি টাকা। পাশাপাশি ১২টি জলাশয়ের ২৬ কিলোমিটার পুনঃখনন করা হবে, এ খাতে ব্যয় হবে ২৬২ কোটি টাকা এবং জলাশয়গুলো থেকে প্রায় ১৮ লাখ ঘনমিটার মাটি অপসারণের পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, পাউবোর বিশেষজ্ঞ কমিটি মাঠপর্যায়ে কাজ করে নদী ও খাল বাছাই করেছে। নাম প্রকাশ না করে এক কর্মকর্তা জানান, প্রতি কিলোমিটার নদী খননে ব্যয় হবে ১ কোটি ২১ লাখ টাকা, আর খালে ব্যয় হবে ৫৪ লাখ টাকা।

জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহামদ বলেন, 'যথাযথ মনিটরিংয়ের ব্যবস্থা প্রকল্পের মধ্যে রাখা হয়েছে। এটা সরকারের অগ্রাধিকার প্রকল্প। মূলত নদীর পানি ধারণ ঠিক রেখে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।'

নদীবিশেষজ্ঞরা বলছেন, দেশে নদী খননের ইতিহাস ভালো নয়, কারণ কখনো বিজ্ঞানসম্মত উপায়ে নদী খনন করা হয়নি, তাই অর্থ ব্যয়ের সুফল মেলেনি। সেসব বিষয় খেয়াল রাখার পরামর্শ দেন তাঁরা। নদী গবেষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, 'পানির উৎস নিশ্চিত না করে খনন করলে সুফল পাওয়া যায় না। নদীর মাপ ঠিক রেখে খনন করতে হবে। নয়তো নদী কেটে খাল করলে সেটা কোনো কাজে আসে না।' অতীতের মতো অব্যবস্থাপনা যেন না হয়, সেটা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

খননের পর বিপুল পরিমাণ মাটি জেলা কমিটির মাধ্যমে ব্যবস্থাপনা করা হবে। এই মাটি দিয়ে সরকারি জমি, রাস্তা ও ধর্মীয় স্থাপনার জায়গা ভরাট করা যাবে। প্রয়োজনে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে মাটি বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি নদী-খালের অবস্থান, নাব্যতা, অবৈধ দখল ও ভরাটের তথ্য সংরক্ষণে জাতীয় পানিসম্পদ ডেটাবেজ তৈরি করা হবে এবং জিআইএস প্রযুক্তির মাধ্যমে প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করা হবে।

প্রকল্পের আওতায় নদী ও খালের সীমানা চিহ্নিত করা এবং অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ থাকবে। এ জন্য ৬৪টি জেলায় ৬৪টি প্যাকেজের মাধ্যমে ল্যান্ডস্কেপিং, দখলমুক্তকরণ এবং আনুষঙ্গিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে, এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ কোটি টাকা।

নদী ও খালের পাড়ের মাটি ক্ষয় রোধে ৪৪৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে বিন্না ঘাস লাগানো হবে। প্রতিটি উপজেলায় ৪০০ মিটার দৈর্ঘ্য ও ৫ মিটার প্রস্থের এলাকায় এই ঘাস রোপণের পরিকল্পনা রয়েছে, সব মিলিয়ে ৮৯ লাখ বর্গমিটার এলাকায় ঘাস লাগানো হবে এবং এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এ ছাড়া পাউবোর ৭০টি আঞ্চলিক বিভাগের মাধ্যমে নদী ও খালের পাড়ে ১ লাখ ৭ হাজার গাছ লাগানো হবে, এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা।

প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী, খাল, নদী ও জলাশয়ের পানি ধারণক্ষমতা প্রায় ৩ হাজার লাখ ঘনমিটার বাড়বে। এর ফলে প্রায় ১৭ লাখ ৫০ হাজার হেক্টর এলাকার পানিনিষ্কাশনব্যবস্থার উন্নতি হবে। অন্যদিকে ২ লাখ ৬৫ হাজার হেক্টর কৃষিজমিতে সেচসুবিধা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এতে বছরে প্রায় ১০ লাখ ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা দেখছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…