…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সংসদে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিতর্ক: ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, জানুয়ারিতে হাতে পাবেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা আগামী জানুয়ারি মাস থেকেই বর্ধিত হারে মজুরি পাবেন। একই আলোচনায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই শ্রমিক অসন্তোষের দায় সরকারের।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং এই খাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি জানান, সরকার, মালিক ও শ্রমিক—এই তিন পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ইতিমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর ত্রিপক্ষীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ১ নভেম্বর থেকে নতুন মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই মজুরি পুনর্নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, জীবনমান, মূল্যস্ফীতি, কাজের ধরন ও ঝুঁকি, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, আর্থসামাজিক পরিস্থিতি এবং মালিকদের ব্যবসায়িক সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ মজুরি নির্ধারণ করা হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান থাকলেও নতুন শ্রম আইনে তা কমিয়ে তিন বছর করা হয়েছে। তবে শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন বছর পূর্ণ হওয়ার আগেই সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

অতীতের মজুরি বোর্ডগুলোর সময়ের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, ২০১৩ সালে গঠিত বোর্ডের কাজ শেষ করতে পাঁচ মাস ১৫ দিন, ২০১৮ সালের বোর্ডের ২৪১ দিন এবং ২০২৩ সালের বোর্ডের ২৩১ দিন সময় লেগেছিল। তবে এবার নির্ধারিত স্বল্প সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকার কথা জানিয়ে জোনায়েদ সাকি বলেন, শ্রমিকদের আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার রয়েছে এবং তাদের কষ্ট ও ন্যায্য দাবির বিষয়টি সরকার অবগত আছে। তবে শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে কোনো পক্ষ যদি দেশের অর্থনীতি অস্থিতিশীল করার চেষ্টা করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে তিনি আহ্বান জানান।

তিনি বলেন, শিল্প রক্ষা পেলেই শ্রমিক বাঁচবে এবং শ্রমিকদের অধিকারও সুরক্ষিত থাকবে।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, শ্রমিক অধ্যুষিত ছয়টি অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে, ওএমএস কার্যক্রমের আওতা বাড়ানো হচ্ছে এবং শ্রমিকদের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে জ্বালানি সরবরাহের বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় কাজ করছে।

বৈশ্বিক অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সরকারের ওপর প্রায় ৪ বিলিয়ন ডলারের অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের স্বার্থ রক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি জানান।

এলডিসি উত্তরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানো হয়েছে এবং এর বেশি সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তাই উত্তরণ-পরবর্তী সময়ে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে সরকার এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

একই আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, গত তিন বছরে দেশে মূল্যস্ফীতি গড়ে ২৬ শতাংশের বেশি বৃদ্ধি পেলেও পোশাকশ্রমিকদের মজুরি সেই অনুপাতে বাড়েনি। শ্রমিকদের জন্য জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে রাজধানী ঢাকায় চারজনের একটি পরিবারের এক মাসের শুধু খাবারের খরচই ১২ থেকে ১৬ হাজার টাকা, অথচ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারিত রয়েছে মাত্র ১২ হাজার টাকা। মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের উচ্চমূল্য এবং গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শ্রমিকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, কাঁচামাল আমদানি থেকে শুরু করে ট্যাক্স, কাস্টমস, ভ্যাট ও এক্সাইজসহ বিভিন্ন দপ্তরের অনুমতি এবং রপ্তানির প্রতিটি ধাপে মালিকদের অনৈতিক অর্থ দিতে হয়। বন্দর থেকে বন্ডেড ওয়্যারহাউসে পণ্য আনা এবং ফ্যাক্টরি পরিদর্শনের নামেও হয়রানি হয় বলে তিনি বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে ক্রয়াদেশের মৌসুম চললেও দেশের ভেতরে অস্থিতিশীলতার কারণে অনেক ক্রয়াদেশ ইতিমধ্যে ভারত ও ভিয়েতনামে সরে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ৪৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির বাজার হারানোর ঝুঁকির কথা উল্লেখ করে তিনি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং মালিকদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চলমান শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সুনির্দিষ্ট সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন হাসনাত আবদুল্লাহ। গ্যাস সংকটের সুযোগ নিয়ে তৃতীয় এফএসআরইউ স্থাপনের নামে অনিয়ম করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
জাতীয়

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয়…

জাতীয়

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও কম মজুরি নিয়ে উদ্বেগ জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বলেছেন, বাংলাদ…

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ
জাতীয়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ

সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয় ২০২১ সালের ১৮ ফেব্রুয়া…

জাতীয়

ম্যানিলা সম্মেলনে শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।…