এআই নীতি কমিটিতে একজন নারীও নেই, সমসংখ্যক নারী যুক্ত করার দাবি নারীপক্ষের

সরকারঘোষিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতি কমিটিতে কোনো নারী না রাখার তীব্র প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার সংগঠন ‘নারীপক্ষ’। সংগঠনটির দাবি, এআই নীতি কমিটিতে সমসংখ্যক নারী যুক্ত করা হোক। নারীবর্জিত এই কমিটি নারীদের স্বার্থ কতটা দেখবে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে সংগঠনটি।
বিবৃতিতে নারীপক্ষ বলেছে, অতি সম্প্রতি সরকার ১৬ সদস্যের এআই নীতি কমিটি ঘোষণা করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই কমিটির যে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে কোনো নারী নেই। সংগঠনটির ভাষ্য, এটি নারীর প্রতি সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ।
একই বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’—এমন মন্তব্যেরও কঠোর সমালোচনা করেছে নারীপক্ষ।
নারীপক্ষ জানায়, একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্যকে শুধু ব্যক্তিগত পছন্দ বলার সুযোগ নেই; এটি সরকারের মনোভাবেরই প্রতিফলন। সংগঠনটির মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একজনের আয়ে সংসার চালানো যখন প্রায় অসম্ভব এবং নারীরা যখন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তখন এমন বক্তব্য ‘অবিবেচনাপ্রসূত’।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সন্তান লালন-পালনের দায়িত্ব শুধু মায়ের একার নয়।
সংগঠনটি প্রতিমন্ত্রীর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে।



