…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চুরি-ছিনতাইয়ের ফোন থেকে বিকাশের টাকা সরিয়ে নিচ্ছে চক্র, ভুক্তভোগীর নামে ঋণ নেওয়ারও অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
চুরি-ছিনতাইয়ের ফোন থেকে বিকাশের টাকা সরিয়ে নিচ্ছে চক্র, ভুক্তভোগীর নামে ঋণ নেওয়ারও অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন হাসিব (ছদ্মনাম)। একদিন বাসা থেকে অফিসে যাওয়ার পথে গুলশান-১ এলাকায় তাঁর পকেট থেকে মুঠোফোনটি চুরি হয়। ঘটনার দেড় ঘণ্টার মধ্যে অন্য একটি নম্বর থেকে বিকাশের কল সেন্টারে ফোন করে নিজের হিসাবের লেনদেন বন্ধ করেন তিনি।

কল সেন্টার থেকে তাঁকে জানানো হয়, তাঁর হিসাবের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুই দিন পর চুরি হওয়া নম্বরের সিম আবার তোলেন হাসিব। এরপর কল সেন্টারে ফোন করে জানতে পারেন, এক দিন আগেই তাঁর হিসাব চালু করা হয়েছে, অথচ তিনি নিজে তা চালুর কোনো অনুরোধ করেননি। পরে নতুন পিন তৈরি করে হিসাবে ঢুকে দেখেন, সেখান থেকে ৮৫ হাজার ১১৫ টাকা তুলে নেওয়া হয়েছে। সেন্ড মানি, ক্যাশ আউট ও মুঠোফোনে রিচার্জের মাধ্যমে বিভিন্ন নম্বরে কয়েক দফায় এই টাকা সরানো হয়েছে।

১১ নভেম্বর হাসিব বলেন, তাঁর মুঠোফোনে লক দেওয়া ছিল, বিকাশ অ্যাপেও পিন ব্যবহার করতেন। ফোন চুরির পর কল সেন্টারে যোগাযোগ করে হিসাবের লেনদেন বন্ধও করেছিলেন। এরপরও কীভাবে টাকা সরানো হলো, তা বুঝতে পারছেন না তিনি। এ ঘটনায় বিকাশের কেউ জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ তাঁর।

সম্প্রতি চুরি বা ছিনতাই হওয়া মুঠোফোন থেকে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাবের টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে চক্রের সদস্যরা ভুক্তভোগীর নামে ঋণ নিয়েও টাকা আত্মসাৎ করছেন। ফোনের নিয়ন্ত্রণ নিতে ফিশিং লিংকও পাঠানো হচ্ছে।

একাধিক ঘটনা পর্যালোচনা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব অপরাধের ধরন এক রকম নয়। কখনো ফোন আনলক অবস্থায় ছিনিয়ে নিয়ে দ্রুত টাকা সরিয়ে নেওয়া হচ্ছে। কখনো সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। আবার কোনো ক্ষেত্রে এমএফএস হিসাবের পিন পরিবর্তন করে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসক কামাল (ছদ্মনাম) গত মাসের শেষ সপ্তাহে বাসে করে শ্যামলীতে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তাঁর হাত থেকে ছোঁ মেরে মুঠোফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সিম তোলার পর বিকাশ অ্যাপে ঢুকে দেখেন, সেখান থেকে ৭ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর নামে ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়েছে আরও ৩৫ হাজার টাকা।

কামালের অভিযোগের পর ঘটনাটি অনুসন্ধান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। অনুসন্ধানের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, ফোনটি ছিনতাইয়ের সময় আনলক অবস্থায় ছিল। ফলে চক্রটি প্রথম ১০ মিনিটের মধ্যেই টাকা সরিয়ে নিতে সক্ষম হয়। ফোনটিতে গুগলের স্বয়ংক্রিয় পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা চালু ছিল। টাকা সরাতে ব্যবহার করা নম্বরগুলোর তথ্য বিশ্লেষণ করা হচ্ছে, তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

গত ৫ অক্টোবর রাজধানীর ডেমরা এলাকায় বাসে যাতায়াতের সময় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী বেলির (ছদ্মনাম) আইফোন চুরি হয়। সিম পুনরায় তোলার পর বিকাশ অ্যাপে ঢুকে তিনি দেখেন, হিসাব থেকে ১ লাখ ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ১১ নভেম্বর সন্ধ্যায় বেলি বলেন, সেন্ড মানি, পেমেন্ট ও মুঠোফোন রিচার্জের মাধ্যমে টাকা সরানো হয়েছে এবং ফোন চুরির দুই ঘণ্টা পর থেকেই লেনদেন শুরু হয়।

টাকা নেওয়ার পরও থেমে থাকেনি চক্রটি। বেলির আইফোনের অ্যাপল আইডি নষ্ট করে নতুন আইডি তৈরির চেষ্টা করা হয়। এ জন্য তাঁর নম্বরে একটি ফিশিং লিংক পাঠানো হয়েছিল। তিনি ওই লিংকে কোনো তথ্য দেননি। পরে চক্রের এক সদস্য হোয়াটসঅ্যাপে ফোন করে লিংকে প্রবেশের জন্য চাপ ও হুমকি দেন। এ ঘটনায় পরে মামলা করেন বেলি। মামলাটি তদন্ত করছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। কর্মকর্তারা বলেন, এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে চারজন চোরাই মুঠোফোন চক্রের সদস্য।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেলির আইফোনটি আনলক করার পর তাঁর বিকাশ হিসাবের পিন পরিবর্তন করা হয়। এরপর হিসাবে থাকা প্রায় এক লাখ টাকার ডিপিএস ভেঙে ফেলা হয়। সেই টাকা বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের নম্বর ও হিসাবে পাঠানো হয়। কিছু টাকা স্থানীয় দোকান থেকে ক্যাশ আউটও করা হয়। তবে চক্রের সদস্যরা কীভাবে পিন পরিবর্তন করেছিল, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সাপোর্ট সেন্টারের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সেখানে প্রায় দুই হাজার অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২৩ শতাংশ অভিযোগ মুঠোফোন হারানো-সংক্রান্ত। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হারানো বা চুরি হওয়া ফোন থেকে টাকা সরিয়ে নেওয়ার ঘটনা এসব অভিযোগের উল্লেখযোগ্য অংশ এবং এটি সাইবার অপরাধের নতুন একটি প্রবণতা।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম ১৭ নভেম্বর বলেন, ফোন হারানোর পর বিকাশ অ্যাকাউন্ট স্থগিত করা হলে তা পুনরায় সচল করতে গ্রাহককে কয়েক ধাপে পরিচয় ও তথ্য যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। নিবন্ধিত নম্বর থেকেই কল সেন্টারে ফোন করতে হয়, স্থগিত করার সময় যে নম্বর থেকে কল করা হয়েছিল তা জানাতে হয় এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য ও সাম্প্রতিক লেনদেনসংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, তাঁদের কাছে এখনো এ ধরনের অভিযোগ আসেনি। তবে তাঁরা নিয়মিত এমএফএস প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো দুর্বলতা আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে। তিনি বলেন, এমএফএস প্রতিষ্ঠানগুলোকে তাদের সিস্টেম আরও সবল করতে বলা হবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, চুরি বা ছিনতাই হওয়া মুঠোফোনের সিম, এমএফএস অ্যাপ ও সংরক্ষিত তথ্য ব্যবহার করে অপরাধীরা অর্থ হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে দুর্বল পিন, ওটিপি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে তাঁরা হিসাবে প্রবেশ করছে। তিনি মুঠোফোনে শক্তিশালী লক ও এমএফএস হিসাবে গোপন পিন ব্যবহার, কাউকে ওটিপি বা পিন না দেওয়া এবং ফোন হারালে দ্রুত সিম ও এমএফএস হিসাবের লেনদেন বন্ধ করার পরামর্শ দেন।

ডিএমপির ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ বিভাগ) সৈয়দ হারুন অর রশীদ বলেন, এ ধরনের অপরাধ এড়াতে সচেতনতার বিকল্প নেই। কেউ এমন পরিস্থিতির শিকার হলে সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন। তাঁদের পক্ষ থেকে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের শনাক্তে কাজ করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীস…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …