মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত ৫

রাজধানীর মিরপুর-১৩ সেকশন এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে প্রিন্স বাজারের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন, তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে।
জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর-১৩ এলাকায় হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হন। পুলিশ সেখানে ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আন্দোলনরত শ্রমিকেরা সেখানে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহত বিএনপির নেতা-কর্মীরা মিরপুর-১৪ এলাকায় অবস্থিত মার্কস মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। মাথায় আঘাত পাওয়া দুজনও তাঁদের মধ্যে আছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
একই সকালে রাজধানীর কাফরুলেও পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনের এলাকায় এই ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এরপরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। সূত্রের ভাষ্য, তাঁরা পার্শ্ববর্তী জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন।
সূত্রমতে, এ সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠলে তাঁদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।
ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকালে কাফরুলে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ অবস্থান করছে।
এদিকে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার কোনো খবর পাওয়া যায়নি।



