রেকর্ড উৎপাদনের পরও বিপাকে ভারত: চালের উদ্বৃত্ত সামলাতে বাড়ছে ভর্তুকির বোঝা

উৎপাদনে রেকর্ড আর বিশ্ববাজারের প্রায় ৪০ শতাংশ রপ্তানি দখলের পরও চালের বিপুল উদ্বৃত্ত সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত সরকার। চালের ভর্তুকি, রাজ্যগুলোর বাড়তি প্রণোদনা, সারের ব্যয় ও ভূগর্ভস্থ পানির সংকট নিয়ে বাড়ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ।
একসময় নিজ জনগণের খাদ্যচাহিদা মেটাতেই হিমশিম খেত ভারত। ১৯৬৫ সালে অপর্যাপ্ত ফসল উৎপাদনের কারণে নাগরিকদের সপ্তাহে এক দিন রাতের খাবার না খাওয়ার আহ্বান জানিয়েছিল সরকার। অথচ কয়েক দশকের ব্যবধানে সেই ভারতই বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। এখন অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরও বিপুল পরিমাণ চাল উদ্বৃত্ত থাকছে; এর বড় অংশ রপ্তানি করা হলেও উৎপাদন ও মজুতের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকার।
২০২৫-২৬ অর্থবছরে ভারতে রেকর্ড ১৫ কোটি ৪০ লাখ টন চাল উৎপাদিত হয়েছে। অথচ ১৪০ কোটি মানুষের দেশটিতে অভ্যন্তরীণ চাহিদা মাত্র ১০ কোটি ৭ লাখ টন। গত এক দশকে ভারতের চাল উৎপাদন বেড়েছে ৫০ শতাংশ। এর পেছনে বড় ভূমিকা রেখেছে নতুন জাতের ধান, যা বন্যাপ্রবণ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় নির্ভরযোগ্যভাবে চাষের সুযোগ তৈরি করেছে।
উৎপাদন বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রপ্তানিও। গত এক দশকে ভারতের চাল রপ্তানি দ্বিগুণ হয়ে ২০২৫ সালে ২ কোটি ২৩ লাখ টনে পৌঁছেছে। বিশ্বের মোট চাল বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ এখন ভারতের দখলে। এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হওয়ায় ২০২৬-২৭ অর্থবছরে উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা থাকলেও পর্যাপ্ত মজুত থাকায় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) পূর্বাভাস দিয়েছে, আগামী দুই বছরেও ভারতের চাল রপ্তানি বাড়বে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যগুলোর যোগাযোগসংক্রান্ত নথি পর্যালোচনা এবং ১০ জন সরকারি কর্মকর্তা ও এক ডজনের বেশি বিজ্ঞানীর সাক্ষাৎকারের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধান অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় খাদ্য ভর্তুকির মোট ব্যয়ের দুই-তৃতীয়াংশের বেশি এখন চালের পেছনে ব্যয় হচ্ছে। গত এক দশকে দেশটির খাদ্য ভর্তুকির ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ২৮ হাজার কোটি রুপি বা ২ হাজার ৪১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
কৃষি অর্থনীতিবিদ এবং কৃষিপণ্যের মূল্য নির্ধারণে সরকারের সাবেক উপদেষ্টা অশোক গুলাটি বলেন, ‘বাস্তবে আমরা করদাতাদের অর্থ দিয়ে বিদেশি ভোক্তাদের ভর্তুকি দিচ্ছি।’ তাঁর মতে, ভারতের উদ্বৃত্ত চাল আন্তর্জাতিক বাজারে এমন দামে বিক্রি করা হচ্ছে, যা প্রতিযোগী দেশগুলোর পণ্যের দামকে টেক্কা দিচ্ছে। বিদেশে রপ্তানি হওয়া চালের পেছনেও সরকারি ভর্তুকি ব্যয় হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনে উদ্বেগ বাড়ছে।
বিপুল উৎপাদনের কারণে চাল সংরক্ষণের পর্যাপ্ত গুদামও পাওয়া যাচ্ছে না। পূর্ব ভারতের ওডিশা রাজ্যের কটকের বেসরকারি চালকল মালিক নবীন আগরওয়াল বলেন, ‘আমাদের আর জায়গা অবশিষ্ট নেই। সরকারি সংস্থাগুলো আমাদের কাছ থেকে আগে কেনা চাল নিয়ে যাবে, সেই অপেক্ষায় বসে আছি।’
ভারতের ভর্তুকি ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার প্রতিবছর চালের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নির্ধারণ করে; এতে শ্রমিকের মজুরি, সারসহ কৃষি উপকরণের খরচ বিবেচনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে অনেক রাজ্য সরকার কেন্দ্রীয় মূল্যের ওপর অতিরিক্ত বোনাস দেওয়া শুরু করেছে। এতে কৃষকদের কাছে ধান চাষ আরও লাভজনক হয়ে উৎপাদন আরও বেড়েছে। তবে এসব বোনাসের কারণে তেলবীজ ও ডালের মতো ফসলের চাষ কমে যাচ্ছে, অথচ এসব পণ্য ভারতকে বিদেশ থেকে আমদানি করতে হয়।
ভারতের চালের উদ্বৃত্ত শুধু অভ্যন্তরীণ অর্থনীতিতেই চাপ তৈরি করছে না, আন্তর্জাতিক বাজারেও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে বিরোধ বাড়াচ্ছে। থাইল্যান্ড, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মতো চাল উৎপাদনকারী দেশগুলো ভারতের ভর্তুকি এবং কম দামে চাল রপ্তানি নিয়ে অসন্তোষ প্রকাশ করছে।



