মহাখালীর সাততলা বস্তির আগুনে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, ঘর থেকে সরানো মালামালও চুরির অভিযোগ
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বুধবার সকালে লাগা আগুনে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন থেকে বাঁচাতে ঘর থেকে সরিয়ে রাখা মালামালও চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বস্তির মাঝামাঝি অংশে একটি বাঁশের খুঁটিতে বাঁধা তারে সামান্য আগুন লাগে। এরপর চারদিকে হইচই শুরু হয়ে যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বস্তির একটি অংশের ঘরগুলোতে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।
আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ১০টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় মোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন আর ছড়াবে না, তবে পুরোপুরি ডাম্পিং ও নির্বাপণ করতে সারা দিন লেগে যেতে পারে।
মাহমুদুল হাসান বলেন, এখানে মূলত নিম্ন আয়ের মানুষজন বাস করেন এবং আগুনে তাঁদের টিনের ও আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণামতে, অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই; আগুন নেভানোর পর পুরো এলাকায় অনুসন্ধান চালানো হবে। অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি; একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
ক্ষতিগ্রস্তদের একজন তরুণী মুক্তা আক্তার। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাঁর কান্না থামছিল না। মুক্তা দাবি করেন, আগুনে তাঁর ও তাঁর মায়ের সারা জীবনের জমানো ১২ লাখ টাকার গয়না ও ৩ লক্ষাধিক নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
মুক্তার আত্মীয় আন্না খানম বলেন, মুক্তা ছোট একটি কসমেটিকসের দোকান করেন; এই দোকান থেকে যা আয় হয়, তাতে টেনেটুনে তাঁদের সংসার চলে। খেয়ে না-খেয়ে টাকা জমিয়েছেন মুক্তা; তাঁর মা দেশের বাইরে থেকে কাজ করে টাকা পাঠিয়েছেন। এসব টাকা, সোনা ও রুপার গয়না সব একসঙ্গে ছিল। গতকাল মঙ্গলবারই সিদ্ধান্ত নিয়েছিলেন, এগুলো ব্যাংকে রেখে আসবেন। এরই মধ্যে সব শেষ হয়ে গেল।
মুক্তা বলেন, ‘আগুনের খবর পেয়ে এসে দেখি, পুরো ঘর পুড়ে যাচ্ছে। কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমার মাকে কী জবাব দেব?’
গৃহকর্মী রাহেলা খাতুন ময়মনসিংহের তারাকান্দা থেকে ঢাকায় এসে এই বস্তিতে তিন হাজার টাকায় একটি রুমে ভাড়া থাকেন। সিঁড়ি থেকে পড়ে তাঁর স্বামীর এক পা অকেজো হয়ে পড়ায় তিনি কাজ করতে পারেন না; রাহেলা মানুষের বাসায় কাজ করেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজে গিয়েছিলেন তিনি; আগুনের খবর পেয়ে দৌড়ে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, ‘একটা সুতাও অবশিষ্ট নেই। স্বামী ও ছেলেকে নিয়ে আজ কোথায় থাকব, কোথায় যাব? একটি টাকাও আমার হাতে নেই।’ আগুনের সময় তাঁর স্বামী বাইরে ছিলেন এবং ১৪ বছর বয়সী ছেলে পল্টনে কাজে গিয়েছিল।
রিকশাচালক কামাল মিয়া গভীর রাত পর্যন্ত রিকশা চালিয়ে ভোরে এসে ঘুমিয়েছিলেন। হইচই শুনে ঘুম ভাঙলে দেখেন আগুন তাঁর পাশের ঘর পর্যন্ত চলে এসেছে; কোনোরকমে শুধু প্রাণটা নিয়ে দৌড়ে বের হতে পেরেছেন তিনি। কামাল বলেন, অনেকেই টাকা, মোবাইলসহ প্রয়োজনীয় কিছু জিনিস বাঁচাতে পেরেছেন, কিন্তু তাঁর সব পুড়ে গেছে। মালিকের রিকশা চালানোর জন্য জমা রাখা টাকাও হাতে নেই বলে জানান তিনি।
আগুন ছড়িয়ে পড়ার সময় বস্তির বাসিন্দারা বাসা থেকে প্রয়োজনীয় ও মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিতে থাকেন। এরই মধ্যে চোর চক্রের তৎপরতা বাড়ে বলে অভিযোগ পাওয়া গেছে; বিভিন্ন বাসা থেকে টাকা, মোবাইল এমনকি অনেকের গয়না চুরি হয়েছে বলে বাসিন্দারা অভিযোগ করেছেন।
ভুক্তভোগী মো. খালিদ বলেন, ঘটনার সময় তিনি বাসায়ই ছিলেন; আগুন ছড়িয়ে পড়বে ভেবে মালামাল সরিয়ে বাসা থেকে নিয়ে সড়কে রাখেন। সেখান থেকে তাঁর সাড়ে চার হাজার টাকা, চুলাসহ বেশ কিছু জিনিস চুরি হয়ে যায়। ঘটনাস্থলে থাকা প্রতিবেদকের কাছে অন্তত পাঁচজন চুরির অভিযোগ করেন। তাঁদের মধ্যে হাজেরা আক্তার বলেন, তিনি বাসায় একা ছিলেন; ধোঁয়া ছড়িয়ে পড়ার সময় মালপত্র বাইরে আনতে শুরু করেন, প্রথমবার মালামাল এনে রেখে বাসায় ফিরে দেখেন চোর এসে সব তছনছ করে ফেলেছে।
একপর্যায়ে চুরি এড়াতে বাসিন্দাদের দল বেঁধে পাহারা দিতে দেখা যায়; তাঁরা বিভিন্ন গলির প্রবেশমুখে যাতায়াতকারীদের পরিচয় জেনে ভেতরে যেতে দিচ্ছিলেন এবং পুলিশ সদস্যরাও তাঁদের সহযোগিতা করছিলেন। চুরির বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার পর তাঁদের প্রথম লক্ষ্য ছিল কীভাবে দ্রুত আগুন নেভানো যায়; এই কাজে ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সহায়তা করা হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তবে এখনো কেউ থানায় চুরির অভিযোগ করেনি বলে জানান তিনি।



