রাজধানীতে যানবাহনের গতিবেগ ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে, সংসদে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে যানবাহনের গতিবেগ আগের ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে, যাতে মানুষ আরও দ্রুততার সঙ্গে যাতায়াত করতে পারে। ফলে আগের তুলনায় যানজট পরিস্থিতি ধীরে ধীরে কমে আসছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘পলাতক স্বৈরাচারের সময় যেই যানজট বা বিভিন্ন গাড়ির গতি যেটি ছিল ৪ কিলোমিটার, এটি এখন বৃদ্ধি পেয়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। আগের চেয়ে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে, যদিও সেগুলো এখনো চালু হয়নি। আগামী এক-দুই মাসের মধ্যে এগুলো কাজ শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের বাকি রুটগুলোর কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ মানুষের যাতায়াতের আরও সুবিধার জন্য মনোরেলের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।



