চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়ন: মেয়াদ শেষের দেড় বছর পরও কাজ অসমাপ্ত, ভোগান্তিতে যাত্রীরা

নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে প্রায় দেড় বছর আগে। এরপর তিন দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের সময়। তবু শেষ হয়নি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ। নতুন দ্বিতল স্টেশন ভবনের প্লাস্টার, টাইলস, রং ও ফিনিশিংসহ বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। নতুন করে নকশা প্রণয়ন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাকি কাজ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলযোগাযোগকেন্দ্র। প্রতিদিন এই স্টেশন দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন বিপুলসংখ্যক যাত্রী।
আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩ সালে পুরোনো ও জরাজীর্ণ অবকাঠামো পরিবর্তন করে স্টেশনটির আধুনিকায়নের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পের আওতায় নতুন দ্বিতল স্টেশন ভবন, প্রশস্ত প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য ছাউনি ও অপেক্ষার স্থান নির্মাণসহ বিভিন্ন কাজ রয়েছে। প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ১০ কোটি ১৮ লাখ টাকা।
২০২৩ সালের সেপ্টেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান আরটিসি ও এসএইচজে জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে এই কাজের চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী ৫৪০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। সে হিসাবে ২০২৫ সালের মার্চের প্রথম সপ্তাহে আধুনিকায়নের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
কাজের দীর্ঘসূত্রতায় স্টেশনে আসা যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পুরোনো প্ল্যাটফর্ম ও অবকাঠামোর বিভিন্ন অংশ ভেঙে ফেলায় কমেছে যাত্রীদের বসার জায়গা। ট্রেনের অপেক্ষায় থাকা অনেক যাত্রীকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করা কষ্টকর হয়ে উঠেছে। ব্যবহারযোগ্য শৌচাগারের সংকটও রয়েছে।
মূল স্টেশন ভবনের বাইরে অস্থায়ীভাবে টিকিট কাউন্টার পরিচালনা করায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে নতুন ও দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা টিকিট কাউন্টারের অবস্থান না জানায় বিড়ম্বনায় পড়ছেন। স্টেশনের দাপ্তরিক কার্যক্রমও সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নতুন দ্বিতল স্টেশন ভবনের বিভিন্ন অংশে এখনো নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ বাকি। ফলে পুরোপুরি ব্যবহার উপযোগী হয়ে ওঠেনি নতুন ভবনটি। প্ল্যাটফর্মে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। স্টেশনের মূল ভবনের বাইরে একটি পুরোনো কক্ষে টিকিট বিক্রি করা হচ্ছে। ট্রেন চলাচল করায় স্টেশনের দুটি প্ল্যাটফর্মই চালু রাখা হয়েছে এবং দুই প্ল্যাটফর্মের মধ্যে অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। দুই প্ল্যাটফর্মেই আসন সংকটে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
যাত্রী সিরাজ আলী বলেন, আগে স্টেশনের ভেতরে টিকিট কাউন্টার ছিল। এখন বাইরে গিয়ে টিকিট কাটতে হচ্ছে। রোদে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৩ সালে স্টেশনটির রিমডেলিংয়ের কাজ শুরু হয়। তবে বিভিন্ন জটিলতা, রাজনৈতিক পটপরিবর্তন এবং নকশাগত ত্রুটিসহ নানা কারণে কাজ বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে নতুন নকশা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তাঁরা। অনুমোদন পাওয়া গেলে পুরোদমে কাজ শুরু করা হবে। আগামী ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার আশা করছেন তাঁরা।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, স্টেশন আধুনিকায়ন প্রকল্পের বরাদ্দ ১০ কোটি ১৮ লাখ টাকা। কাজের মেয়াদ দীর্ঘায়িত হলেও প্রকল্পের বরাদ্দ বাড়েনি। বিভিন্ন জটিলতার কারণে ইতিমধ্যে তিন দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।



