বেরোবিতে ছাত্রলীগের পদধারীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের পদধারী যেসব নেতা-কর্মী এখনো হলে অবস্থান করছেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অন্যথায় ছাত্রদল নিজেই তাঁদের হল থেকে বের করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহির রায়হান।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন।
সমাবেশে জহির রায়হান বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো স্থান হবে না। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বীর শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্রলীগের কখনোই ঠাঁই হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের পদধারী যাঁরা হলে অবস্থান করছেন, তাঁদের বিতাড়িত করার দাবি জানানো হচ্ছে। অন্যথায় ছাত্রদল তাঁদের হল থেকে বের করে দেবে।’
তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অর্থের বিনিময়ে ছাত্রলীগকে সংগঠিত করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
জহির রায়হান বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অসংখ্য নেতা-কর্মীর গুম, খুন ও নির্যাতনের ঘটনা দেশের মানুষ দেখেছে। দীর্ঘ ১৭ বছর পর ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে।
তিনি বলেন, এই গণ-অভ্যুত্থানের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও শেখ হাসিনার অনুসারীরা হামলা চালাচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
জহির রায়হান আরও বলেন, ‘গত দুই-তিন দিনে গোপালগঞ্জে থানা ভাঙচুর এবং বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তারেক রহমানের সরকার চাইলে একদিনের মধ্যেই গোপালগঞ্জকে মুক্ত করতে পারত। তবে ধৈর্যের পরিচয় দিয়ে দেশের মানুষকে দেখানো হচ্ছে, গত ১৭ বছর এবং গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে তারা কী করেছে।
তিনি বলেন, কোনোভাবেই ছাত্রলীগকে এই বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।




