কিশোরগঞ্জে এইচএসসিতে সরকারি কলেজের ফল বিপর্যয়: ৮,৬৩৪ পরীক্ষার্থীতে জিপিএ-৫ মাত্র ১৩

কিশোরগঞ্জ জেলার সরকারি কলেজগুলো এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। জেলার ১৩টি সরকারি ডিগ্রি কলেজ থেকে মোট ৮ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৩ জন।
১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মোট ২৫টি ডিগ্রি কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ১৫টি এবং বেসরকারি ১০টি। উপজেলা স্তরের সরকারি ১৩টি কলেজের সবকটিই ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং কোনোটিই বোর্ডের পাসের হারের ধারেকাছে নেই।
জেলার পাঁচটি সরকারি কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই জিপিএ-৫ পায়নি। ইটনা সরকারি কলেজ, মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি কলেজ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ ও পাকুন্দিয়া সরকারি কলেজ থেকে সর্বমোট ২ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও কারও ভাগ্যেই জিপিএ-৫ জোটেনি।
অথচ একসময় জেলার একেকটি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩০, ৪০, এমনকি ৫০ কিংবা ৬০ জনেরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেত।
এর বিপরীতে জেলার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি এবারও ভালো ফল করেছে। কিশোরগঞ্জের মোট ৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে এইচএসসির ফলাফলে সর্বোচ্চ পাসের হার বাজিতপুরের আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের—৯১ দশমিক ৮৫ শতাংশ।
জেলার সরকারি-বেসরকারি মোট ২৫টি ডিগ্রি কলেজের মধ্যে সর্বোচ্চ পাসের হার ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের—৮২ দশমিক ০৯ শতাংশ। এমপিওভুক্ত এই প্রতিষ্ঠানটি ১৮টি জিপিএ-৫ অর্জন করে উপজেলা স্তরের সরকারি-বেসরকারি সব কলেজের শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠাকাল থেকেই কলেজটি ভালো ফল করে আসছে।
তবে বেসরকারি ১০টি কলেজের মধ্যে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ ছাড়া বাকি ৯টি ডিগ্রি কলেজের ফলাফলও খারাপ হয়েছে।
জেলার কলেজগুলোর ইতিহাসও দীর্ঘ। ১৯৪৩ সালে গুরুদয়াল কলেজের পর ১৯৪৭ সালে ভৈরব হাজী আসমত কলেজ এবং ১৯৬৪ সালে বাজিতপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল বিবেচনায় হাজী আসমত জেলার দ্বিতীয় এবং বাজিতপুর কলেজ তৃতীয় কলেজ।
সরকারি ১৫টি কলেজের মধ্যে সদরের গুরুদয়াল কলেজ সরকারি হয় ১৯৮০ সালে এবং কিশোরগঞ্জ মহিলা কলেজ সরকারি হয় ১৯৮৯ সালে। সদরের বাইরে স্থাপিত বাকি ১৩টি কলেজ সাত বছরে, ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে, সরকারীকরণ হয়।




