পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া জাফর পানাহির পাশে কান উৎসব, কারাবাস ঠেকাতে ঐক্যের আহ্বান

গত বছর কান উৎসবে পাম দ’অর বিজয়ী ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে চলতি বছরের অক্টোবর মাসে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের বিপ্লবী আদালত। এই সাজার তীব্র নিন্দা জানিয়ে পানাহির কারাবাস ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।
গত অক্টোবরে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি পানাহির পাসপোর্ট ও যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালে আলাদা একটি মামলায় তাঁকে এক বছরের কারাদণ্ড ও দুই বছরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তাঁর চলচ্চিত্র নির্মাণের বিষয়েও একটি আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
কান উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক এক বিবৃতিতে পানাহির বিচারিক হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে। তারা তাঁর ভ্রমণ, স্বাধীনভাবে নির্মাণ ও মতপ্রকাশের পথে বাধা হয়ে দাঁড়ানো সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সারা বিশ্বের শিল্পী, উৎসব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে পানাহির কারাবাস ঠেকাতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে কান কর্তৃপক্ষ। তাদের মতে, পানাহির স্বাধীনতা শুধু একজন নির্মাতার বিষয় নয়; এটি বিশ্বের সব শিল্পীর স্বাধীনভাবে চিন্তা করা ও ভয়হীন মতপ্রকাশের অধিকারের সঙ্গে যুক্ত। বিবৃতিতে আরও বলা হয়, ইরান বা বিশ্বের কোথাও কোনো শিল্পীকে তাঁর কাজ বা মতপ্রকাশের জন্য বন্দী করা উচিত নয়।
দুই দশক ধরে ইরান সরকারের সঙ্গে বারবার মতবিরোধে জড়িয়েছেন পানাহি। চলচ্চিত্র নির্মাণের দায়ে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণের শিকার হওয়া সত্ত্বেও তিনি নিজের কাজ চালিয়ে গেছেন এবং চিরতরে দেশ ছাড়তে বা নির্বাসনে যেতে রাজি হননি।
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমার প্রচারণায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সফর শেষে ২০২৬ সালের মার্চ মাসে তিনি ইরানে ফিরে যান। এর আগে ভ্যারাইটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পানাহি বলেছিলেন, ‘আমি এমন একজন মানুষ, যার নিজের দেশে থাকা প্রয়োজন। সেখানেই আমার শ্বাস নেওয়া ও কাজ করা দরকার। তারা যদি আমাকে জেলে পাঠাতে চায়, পাঠাতে পারে। দেশে ফেরার সিদ্ধান্ত থেকে কোনো কিছুই আমাকে টলাতে পারবে না।’
কান উৎসবের সঙ্গে জাফর পানাহির সম্পর্ক বেশ পুরোনো। ১৯৯৫ সালে ‘দ্য হোয়াইট বেলুন’ সিনেমার জন্য তিনি ক্যামেরা দ’অর জেতেন। এরপর ২০০৩ সালে ‘ক্রিমসন গোল্ড’ জেতে আঁ সার্তাঁ রিগা জুরি প্রাইজ এবং ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ জেতে সেরা চিত্রনাট্যের পুরস্কার।
২০১০ সালে তিনি যখন ইরানে বন্দী, তখন তাঁকে কানের জুরি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকী প্রতিবাদ হিসেবে পানাহির সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছিল।
২০২৫ সালে দীর্ঘ ১৫ বছর পর নিজের কারাবাসের অভিজ্ঞতার আলোকে নির্মিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমার জন্য সর্বোচ্চ পুরস্কার পাম দ’অর গ্রহণ করতে সশরীরে কান উৎসবের মঞ্চে ওঠেন পানাহি।




