অনুমতি বিতর্কে আটকে গেল ‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন, মুখোমুখি দুই নাট্যদল

অনুমতিবিষয়ক জটিলতা ও হল বরাদ্দ বাতিলের কারণে নাট্যদল প্রাঙ্গণেমোর তাদের নতুন প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়ন করতে পারছে না। এ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে নাগরিক নাট্য সম্প্রদায় ও প্রাঙ্গণেমোর থিয়েটার।
১৮ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটকটির কারিগরি প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রাঙ্গণেমোরের হল বরাদ্দ বাতিল করে দেয় একাডেমি।
এরপর কারিগরি প্রদর্শনী ছাড়াই ১৯ ও ২০ নভেম্বর মহিলা সমিতিতে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি নেয় দলটি। কিন্তু নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তির মুখে প্রাঙ্গণেমোর থিয়েটারের সেই হল বরাদ্দও বাতিল করে দেয় মহিলা সমিতি কর্তৃপক্ষ।
‘দেওয়ান গাজীর কিসসা’ নাগরিক নাট্য সম্প্রদায়ের বহুল জনপ্রিয় প্রযোজনা। ১৯৭৭ সালে নাটকটি মঞ্চে আনে তারা। বের্টল্ড ব্রেখটের মূল নাটক থেকে এটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আসাদুজ্জামান নূর।
নাগরিকের প্রযোজনাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবুল হায়াত, আলী যাকের ও সারা যাকেরের মতো শিল্পীরা। আরও ছিলেন রুনা খান, মোস্তাফিজ শাহীন, ফারুক আহমেদ, লাবণ্য, শামীমা নাজনীন, ঝুমু মজুমদার, অরণ্য, জিয়াউল হাসান কিসলু ও গোলাম সারোয়ার প্রমুখ।
আসাদুজ্জামান নূরের রূপান্তর করা নাটকটিই নতুন করে নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। অনুমতিবিষয়ক আপত্তির কারণে হল বরাদ্দ বাতিল হওয়ায় পূর্বনির্ধারিত তারিখে প্রদর্শনী করা যাচ্ছে না বলে দাবি করেছেন তিনি। এ নিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে প্রাঙ্গণেমোর।
প্রাঙ্গণেমোর থিয়েটারের অভিনেত্রী ও নির্দেশক নূনা আফরোজ বলেন, নাগরিক নাট্য সম্প্রদায় মহিলা সমিতিকে চিঠি দিয়ে তাদের হল বরাদ্দ বাতিল করে দেওয়ার কথা জানিয়েছে এবং বলেছে, তারা নাকি নাট্যকারের কাছ থেকে অনুমতি নেননি।
নূনা আফরোজের দাবি, তিনি আসাদুজ্জামান নূরের কাছ থেকে ২০২৪ সালের শুরুর দিকে অনুমতি নিয়েছিলেন। বর্তমানে প্রদর্শনীর অনুমতি ও আশীর্বাদ চেয়ে তিনি আসাদুজ্জামান নূরের স্ত্রী ডাক্তার শাহীন আখতারকে চিঠি দেন এবং তিনি লিখিত অনুমতি দিয়েছেন। সেই অনুমতির কপি মহিলা সমিতিকে দেওয়া হলেও হল বরাদ্দ বাতিল অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
নাটকের প্রদর্শনী বন্ধের জন্য মহিলা সমিতি এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের সারা যাকের ও ফারুক আহমেদকে দায়ী করেছেন নূনা আফরোজ। মহিলা সমিতিতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে নাগরিক নাট্য সম্প্রদায় বলেছে, এই নাটকের সঙ্গে তাদের দীর্ঘ ইতিহাস ও সুনাম জড়িয়ে আছে। প্রাঙ্গণেমোর তাদের পূর্বানুমতি ছাড়াই নাটকটি মঞ্চে আনতে যাচ্ছে জানতে পেরে তারা প্রাঙ্গণেমোরকে লিখিত অনুরোধ জানায় এবং মহিলা সমিতিকেও বিষয়টি অবহিত করে।
নাগরিকের বিবৃতিতে আরও বলা হয়েছে, পরে প্রাঙ্গণেমোরের আবেদনের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নাটকটি মঞ্চায়নের অনুমতি দেওয়া হয় এবং অনুমতিপত্র সংযোজন করে প্রাঙ্গণেমোর ও মহিলা সমিতিকে যথারীতি অবহিত করা হয়, যাতে নাটকটি মঞ্চস্থ করতে সহায়তা করা হয়। তাই নাটক বন্ধ করার প্রসঙ্গে নাগরিক নাট্য সম্প্রদায়কে অভিযুক্ত করার কোনো যুক্তি নেই বলে দলটি জানিয়েছে। নাগরিক বলেছে, তারা সব সময় সুস্থ সংস্কৃতিচর্চার পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।




