নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম

বরিশালে নিখোঁজ হওয়া সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা সৈকতে ঘোরাফেরা করার সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাঁকে উদ্ধার করে বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বিচারক নাদিমকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, তাঁকে ফিরিয়ে আনতে মেট্রোপলিটন পুলিশের একটি দল কুয়াকাটায় রওনা হয়েছে। বরিশালে পৌঁছার পর এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
কুয়াকাটার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার রাত ৮টার দিকে জানান, নিখোঁজ হওয়া একজন বিচারককে কুয়াকাটা সৈকত থেকে উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাদিম বরিশালে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে দাপ্তরিক কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি আদালত থেকে বের হন। রাত পর্যন্ত বাসায় না পৌঁছানোয় তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন নিখোঁজের অভিযোগ জানিয়ে বুধবার দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেন।
উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, নাদিম বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে প্রায় এক কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সরকারি বাসভবনে পরিবার নিয়ে থাকেন। তিনি বিচারকদের বহনকারী মাইক্রোবাসে যাতায়াত করতেন না।
নিখোঁজ হওয়ার পর থেকে আদালতপাড়ায় গুঞ্জন ছিল যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমসংক্রান্ত জটিলতায় তিনি আত্মগোপন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ওই ছাত্রী কয়েকবার আদালতেও এসেছিলেন বলে সূত্রটি জানায়। তবে উদ্ধারের পর এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি; বরিশালে ফিরিয়ে আনার পর বিস্তারিত জানানো হবে বলে উপকমিশনার সুশান্ত সরকার বলেছেন।




