…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ, মিয়ানমারকে দ্রুত আদেশ বাস্তবায়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ, মিয়ানমারকে দ্রুত আদেশ বাস্তবায়নের আহ্বান
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রায়ে দেওয়া আদেশ দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ঐতিহাসিক। এই প্রথম আইসিজে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দিয়েছেন।

গাম্বিয়া বনাম মিয়ানমারের এই মামলায় আদালত জানিয়েছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে। আদালত আরও বলেছেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

বিবৃতি অনুযায়ী, দেশটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গণহত্যা সংঘটিত করা থেকে বিরত রাখতে পারেনি, গণহত্যা ও সনদে উল্লেখিত অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করেনি এবং সনদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নেও ব্যর্থ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সনদ লঙ্ঘনের কারণে আদালত মিয়ানমারকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে চলমান সংঘাত বন্ধ করা এবং গণহত্যা বা সনদে উল্লেখিত অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তাঁদের বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে, সে জন্য নিশ্চয়তা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণ ও পুনর্বাসনমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমারের দমন-পীড়নের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করা, তাদের নিজ নিজ বাসস্থানে ফিরতে দেওয়া ও বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলিত করার বিষয় রয়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক। মিয়ানমার এখন আদালতের চূড়ান্ত রায় মানতে ও নির্দেশনা বাস্তবায়নে আইনগতভাবে বাধ্য।

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে দীর্ঘ সাত বছর ধরে নীতিগত অবস্থান নিয়ে মামলা পরিচালনার জন্য গাম্বিয়ার প্রশংসা করেছে বাংলাদেশ। এ মামলায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) গাম্বিয়াকে সমর্থন দিয়েছে। এ ছাড়া মামলায় ১১টি দেশের হস্তক্ষেপের বিষয়টিও উল্লেখ করেছে বাংলাদেশ। দেশগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ মিয়ানমার সরকারকে রায়ের বাধ্যবাধকতা দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐতিহাসিক রায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ। বাংলাদেশের বিশ্বাস, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকার, এবং প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখা ও আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গোপালগঞ্জে সড়ক অবরোধে দিনভর বন্ধ ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস, টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ
জাতীয়

গোপালগঞ্জে সড়ক অবরোধে দিনভর বন্ধ ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস, টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ

সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধের কারণে আজ বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন …

এক রাতে ২৩ জেলায় নাশকতা: দুই ট্রেনের কোচে আগুন, পুড়ল ১২ বাস
জাতীয়

এক রাতে ২৩ জেলায় নাশকতা: দুই ট্রেনের কোচে আগুন, পুড়ল ১২ বাস

দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। কোথাও বাস-ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাই…

জাতীয়

ঢাকায় সড়কে হতাহতদের স্মরণে গোলটেবিল, ফুটপাথ দখলমুক্ত ও নিরাপদ সড়কের দাবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সড়কে হতাহতদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উ…

প্রথমবার পাবনা থেকে সরাসরি ঢাকার ট্রেন, চলবে প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস
জাতীয়

প্রথমবার পাবনা থেকে সরাসরি ঢাকার ট্রেন, চলবে প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস

প্রথমবারের মতো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা রেলস্টেশনে পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে এর উদ্বোধন করেন রেলপথ, …