…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

উসকানিতে পা না দিয়ে রাজনৈতিকভাবেই আওয়ামী লীগের নাশকতা মোকাবিলা করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
উসকানিতে পা না দিয়ে রাজনৈতিকভাবেই আওয়ামী লীগের নাশকতা মোকাবিলা করতে চায় সরকার
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক কৌশল নিয়েও এগোচ্ছে সরকার। এরই মধ্যে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন।

পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এ সময় পুলিশের তিনটি স্থাপনা ও ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা, আগুন ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। নাটোরে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এর মধ্যে গোপালগঞ্জে সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। সরকারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিশেষ করে গোপালগঞ্জের চলমান ঘটনাপ্রবাহে এখন পর্যন্ত বলপ্রয়োগ বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার নির্দেশনা রয়েছে।

সরকার ও বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের চলমান সহিংসতাকে উসকানি হিসেবে দেখছে সরকার। সূত্রগুলোর দাবি, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা চাইছেন, নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগ—এমন মূল্যায়ন রয়েছে সরকারের ভেতরে। তবে সরকার এ ধরনের উসকানিতে পা দিতে চায় না।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্য নয়, এর রাজনৈতিক লক্ষ্যও রয়েছে। তাদের মূল্যায়ন হচ্ছে, আওয়ামী লীগ চাইছে সরকার কঠোর বলপ্রয়োগের পথে যাক; বাহিনী গুলি চালালে কিংবা হতাহতের ঘটনা ঘটলে তা সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে। এ কারণে সরকারের কৌশল হচ্ছে, এমন কোনো পদক্ষেপ না নেওয়া যাতে ব্যাপক রক্তপাতের ঘটনা ঘটে। আওয়ামী লীগ কতটা সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে পারে, সেটিও দেশবাসীর সামনে স্পষ্ট হতে দিতে চায় সরকার। তবে সহিংসতা আরও বাড়লে পরবর্তী ব্যবস্থা কঠোর হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

এর মধ্যে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই গোষ্ঠী মাথা তুলে দাঁড়ানোর আগেই মাথা গুঁড়িয়ে দিতে হবে। গতকাল লালমনিরহাটের জনসভায়ও আওয়ামী লীগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—যথেষ্ট হয়েছে, আর নয়।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, গত কয়েক দিনে তা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি’। পরে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক, রাজনৈতিক এবং আইনানুগভাবে ফ্যাসিবাদী আচরণ মোকাবিলা করব। কোনো নিরীহ মানুষের জানমালের ক্ষতি হোক—এমন কিছু হতে দেব না। আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করে, একদলীয় বাকশাল করে, গুম-খুন করে, অগ্নিসন্ত্রাস করে বারবার তাদের চরিত্র প্রকাশ করেছে। এটা তাদের চরিত্র।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের কোনো উসকানিতে পা দেব না। তাদের কর্মকাণ্ড দেশবাসী এবং বিশ্ববাসী দেখেছে। আন্তর্জাতিক মহল তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন করছে, করবে।’

এই কৌশলের একটি রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরছেন সরকারসংশ্লিষ্টরা। ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সময় ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের’ অভিযোগ তুলেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, যা রাজনৈতিক প্রচারেও ব্যবহার করা হয়েছিল। এখন একই ধরনের নাশকতার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নিজেও, আর দলটির নেতা-কর্মীরা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নিজেরাই ঘটনাস্থল থেকে সামাজিক মাধ্যমে প্রচার করছে।

বিএনপির নেতাদের অনেকে মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ তার শাসনামলের গুম, খুনসহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইবে—এমন প্রত্যাশা ছিল রাজনৈতিক অঙ্গনে। কিন্তু দলটির নেতৃত্বের কোনো পর্যায় থেকেই তেমন আত্মসমালোচনা বা অনুশোচনা দেখা যায়নি। বরং শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর সহিংসতা ও নাশকতার মধ্য দিয়ে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে বিএনপির নেতাদের অভিযোগ। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বলেছেন, ‘আওয়ামী লীগ বেআইনি শক্তি, নিষিদ্ধ সংগঠন। যারা বেআইনি কর্মকাণ্ড করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আর রাজনৈতিক দল হিসেবে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে যেকোনো বেআইনি শক্তির মোকাবিলায় সজাগ থাকব, প্রস্তুত থাকব।’

সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগও রয়েছে। গত বুধবার জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির এক ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান একান্তে কথা বলেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। সূত্রগুলো বলছে, বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সর্বদলীয় গণমিছিল করার প্রস্তাব দেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তাব দেন। খুব শিগগির রাজনৈতিক সংলাপ আয়োজনের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার বলে জানা গেছে।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাঁর বক্তব্যে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, যত তাড়াতাড়ি এটি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো ইতিবাচক সাড়া দিলেও তাদের অবস্থান শর্তযুক্ত। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে গতকাল বৈঠক করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক বলেন, সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে, তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল কথা হচ্ছে চব্বিশের চেতনায় ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আসা; এর জন্য সরকারকে চব্বিশের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নের পথে আসতে হবে।

রাজনৈতিকভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইতিমধ্যে মাঠে সক্রিয় হয়েছে। গতকাল সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সতর্ক অবস্থান ও বিক্ষোভ দেখা যায়। দুপুরে সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায়ও নেতা-কর্মীদের উপস্থিতি ছিল। বেলা দেড়টার দিকে যাত্রাবাড়ী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হলে লাঠিসোঁটা হাতে বিএনপির নেতা-কর্মীদের ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার…

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের
রাজনীতি

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা…

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
রাজনীতি

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রবিবার (২২ …