সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে আগুন, পেট্রোল বোমা নয় বলছে পুলিশ

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিমন্ত্রীর বাসায় আগুন দেওয়া হয়নি; বাসার সামনের গলির প্রবেশপথের কাছে অগ্নিসংযোগ করা হয়েছে। ওই গেট পার হয়ে ভেতরে বেশ কয়েকটি বাসা রয়েছে, যার একটি প্রতিমন্ত্রীর।
স্থানীয়দের দাবি, বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশের ভাষ্য ভিন্ন। আফজাল হোসেন বলেন, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, ‘কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রোল বোমার মতো কিছু ছিল না।’
ওই বাসায় বর্তমানে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে গেলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন।
খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।




