সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকের সামনে গভীর রাতে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি হয়নি

সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, গতকাল দিবাগত রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। টুকরা কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আফজাল হোসেন আরও বলেন, পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা থাকেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেটে এলে ওই বাসায়ই অবস্থান করেন।
আজ শুক্রবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটে আসার কর্মসূচি রয়েছে। তাঁর আসার আগের রাতেই বাসার সামনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।
ঘটনাস্থলে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ কিছু একটা ছুড়ে ফেলে চলে গেছে। এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।’




