ঝিনাইদহে মশার কয়েলের আগুনে পুড়ে মরল চা বিক্রেতার চার গরু ও চার ছাগল

ঝিনাইদহ সদর উপজেলায় গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছে চারটি গরু ও চারটি ছাগল। আগুন পাশের বসতঘরেও ছড়িয়ে পড়ে আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে এ আগুন লাগে। গোয়ালঘরটির মালিক ওহাব বিশ্বাস ধনঞ্জয়পুর বাজারে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
ওহাব বিশ্বাস বলেন, গোয়ালঘরটি পাকা হলেও ওপরে ছিল দোচালা টিনের ছাউনি। টিনের মাঝের ফাঁকা জায়গায় পাটকাঠি রাখা ছিল। রাতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে তিনি ঘুমাতে যান।
তিনি বলেন, রাত ১টার দিকে গরু-ছাগলের ডাক শুনে তিনি বের হন। তখন গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছিল। আগুনের মধ্যে গরু-ছাগলগুলো ছটফট করছিল। অনেক চেষ্টা করেও তিনি সেগুলো বের করতে পারেননি; চোখের সামনেই পুড়ে মারা যায় সব পশু।
ওহাব বিশ্বাস আরও বলেন, আগুন গোয়ালঘর থেকে পাশের বসতঘরেও ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়। চারটি গরুর আনুমানিক দাম তিন লাখ টাকা এবং চারটি ছাগলের দাম প্রায় ৪০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ক্ষতি কীভাবে সামাল দেবেন, তা তিনি বুঝতে পারছেন না।
ওহাব বিশ্বাসের চাচাতো ভাই জিল্লু বিশ্বাস বলেন, ওহাবের বসতঘরের পাশেই গোয়ালঘর। ঘরটির ওপরে পাটকাঠি রাখা ছিল, পাশেই ছিল গরুর খাবারের বিচালির স্তূপ। রাতে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে তিনি ভয়াবহ দৃশ্য দেখেন। অনেক চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি; একপর্যায়ে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য ওহাব বলেন, রাতে ওহাব বিশ্বাসের গোয়ালঘর ও বসতঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। এতে চারটি গরু ও চারটি ছাগল মারা যায় এবং পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
ইউপি সদস্য আরও বলেন, ওহাব বিশ্বাস একজন চা বিক্রেতা; গবাদিপশুই ছিল তাঁর সম্বল। এ ক্ষতি কাটিয়ে ওঠা তাঁর পক্ষে কঠিন হবে।




