খরায় টিকে থাকতে পারে এমন চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষকেরা
জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরার ঝুঁকি বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল চায়ের ওপরও। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব দেখা দিলে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হয়।
এমন পরিস্থিতিতে খরাপ্রবণ পরিবেশে টিকে থাকতে সক্ষম চায়ের জিনোটাইপ শনাক্ত করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. ইসমাইল হোসেনসহ একদল গবেষক। গবেষণাটি বিটিআরআইয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষকদের পাশাপাশি বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের একাধিক গবেষকের যৌথ সহযোগিতায় পরিচালিত হয়েছে।
গবেষণায় পাঁচটি চায়ের জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের মধ্যে তুলনামূলক মূল্যায়ন করে বি/৮/৯৩ নামের জিনোটাইপটিকে সবচেয়ে খরা সহনশীল হিসেবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি এমজেড/৩৯ জিনোটাইপটি মাঠপর্যায়ের পরিস্থিতিতে ভালো অভিযোজনক্ষমতার পরিচয় দিয়েছে।
‘স্ক্রিনিং অফ বাংলাদেশ টি (ক্যামেলিয়া সিনেনসিস (এল.) কুন্টজে) জিনোটাইপস ফর ড্রাউট টলারেন্স’ শীর্ষক গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আটলান্টিস প্রেস থেকে প্রকাশিত ‘প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম’ গ্রন্থে প্রকাশিত হয়েছে। গবেষণাটির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের চা উৎপাদন অঞ্চলে খরার প্রভাব মোকাবিলায় সম্ভাবনাময় জিনোটাইপ চিহ্নিত করা এবং ভবিষ্যৎ জাত উন্নয়ন কার্যক্রমের জন্য বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করা।
বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও গ্রামীণ জীবিকায় চা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় চা চাষ সম্প্রসারিত হয়েছে। এ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বিপুলসংখ্যক শ্রমিক, ক্ষুদ্র চাষি ও ব্যবসায়ী। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯৪ দশমিক ৯১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় বেশি হলেও ২০২৩ সালের রেকর্ড উৎপাদনের চেয়ে কম। তবে উৎপাদন ব্যয়, আবহাওয়ার অনিশ্চয়তা, সেচসংকট ও আন্তর্জাতিক প্রতিযোগিতা শিল্পটির জন্য বড় চ্যালেঞ্জ।
চা একটি বহুবর্ষজীবী অর্থকরী উদ্ভিদ, যার কচি পাতা ও কুঁড়ি থেকে বাজারজাতযোগ্য চা তৈরি হয়। তাই গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পাতা উৎপাদনে পর্যাপ্ত পানি অপরিহার্য। পানির ঘাটতিতে শিকড়ের পানি শোষণ ও সালোকসংশ্লেষণ ব্যাহত হয়। ফলে গাছের বৃদ্ধি ও কচি পাতার উৎপাদন কমে যায়। দীর্ঘস্থায়ী খরায় বিশেষ করে নতুন চারাগাছ বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক উৎপাদনে ফিরতে সময় লাগে। এ কারণে চা শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও উৎপাদনশীলতা বজায় রাখতে খরাসহিষ্ণু জিনোটাইপ নির্বাচন গুরুত্বপূর্ণ।
গবেষণাপদ্ধতি সম্পর্কে অধ্যাপক ড. আশরাফুজ্জামান বলেন, ‘গবেষণায় এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ এবং এ/৮/৮ জিনোটাইপের পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ চায়ের জাতও অন্তর্ভুক্ত করা হয়। নার্সারি ও মাঠপর্যায়ে মাটির আর্দ্রতা ৩৬, ৩০, ২৪ ও ১৮ শতাংশে রেখে বিভিন্ন মাত্রার খরার প্রভাব পরীক্ষা করা হয়। এ সময় গাছের উচ্চতা, শিকড়ের দৈর্ঘ্য, আয়তন ও বিস্তার, শুষ্ক পদার্থের পরিমাণ, পাতার আপেক্ষিক পানির পরিমাণ, প্রোলিন, মোট পলিফেনল ও রিডিউসিং সুগারের পরিবর্তন বিশ্লেষণ করা হয়।’
গবেষণাটির ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘গবেষণায় বি/৮/৯৩ জিনোটাইপটি সবচেয়ে বেশি খরাসহিষ্ণু এবং এ/৮/৮ সবচেয়ে সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে। এমজেড/৩৯ মাঠপর্যায়ে বিস্তৃত অভিযোজনক্ষমতা দেখিয়েছে। অন্যদিকে বিটি-২, এসএইচ/৯/৬৫ ও এ/১৭/৭ মধ্যম মাত্রার খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত করা হয়েছে। মাঠপর্যায়ের পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা ছিল ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার, প্রতি গাছে গড়ে ৭ দশমিক ৬০টি শাখা এবং সবুজ পাতার ওজন ৯ দশমিক ২ গ্রাম। এতে মোট পলিফেনলের পরিমাণ ছিল ৮৯ দশমিক ৮১ পিপিএম এবং ক্যাটেচিন ২৩ দশমিক ০৭ পিপিএম।’
তবে গবেষকেরা বলছেন, খরাসহিষ্ণুতা একাধিক জিন, শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও পরিবেশের ওপর নির্ভরশীল হওয়ায় একটি পরীক্ষার ভিত্তিতে কোনো জিনোটাইপকে সর্বত্র উপযোগী বলা যায় না। এজন্য বিভিন্ন মৌসুম, মাটি ও পানিস্বল্পতার পরিবেশে পরীক্ষা এবং বংশগত স্থায়িত্ব, পাতা উৎপাদন, চায়ের স্বাদ, গুণগত মান ও রোগ-পোকা প্রতিরোধক্ষমতা মূল্যায়ন জরুরি।
ড. আশরাফুজ্জামান বলেন, ‘প্রথমত, বি/৮/৯৩ ও এমজেড/৩৯-সহ সম্ভাবনাময় জিনোটাইপগুলোকে দেশের প্রধান চা উৎপাদন অঞ্চলে একাধিক মৌসুমে পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, স্বাভাবিক ও খরাপ্রবণ পরিবেশে প্রতি একক জমিতে সবুজ পাতা ও প্রক্রিয়াজাত চায়ের ফলন তুলনা করতে হবে। তৃতীয়ত, চায়ের স্বাদ, সুবাস, রং, পলিফেনল ও ক্যাটেচিনের মতো গুণগত বৈশিষ্ট্য যাচাই করতে হবে। চতুর্থত, চারা উৎপাদনের ব্যয়, সেচের প্রয়োজন, পরিচর্যার খরচ এবং কৃষকের সম্ভাব্য আয় বিশ্লেষণ করতে হবে।’


