সিলেটে দাড়িয়াপাড়ার বাসার ফটকে আগুন, সন্ত্রাসীদের কোনো ছাড় নয় বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাড়ির প্রধান ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় নিজের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, ‘জয় বাংলা’ এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানিয়েছেন, রাত তিনটা থেকে চারটার মধ্যে দুর্বৃত্তরা ন্যাকড়াজাতীয় কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দাড়িয়াপাড়ার ওই বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা থাকেন। হুমায়ুন কবির সিলেটে এলে ওই বাসায় অবস্থান করেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িটি দেখতে এসে তিনি ঘটনার বিবরণ দেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেন।
নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ভোর পাঁচটার দিকে বাসায় আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তিনি বলেন, একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে, ‘জয় বাংলা’ বলে দৌড়, আর খোঁজই মেলে না। তাঁর ভাষায়, ‘জয় বাংলা’ আজ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিণত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার এই তৎপরতাকে কার্টুনের সঙ্গে তুলনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ছোটখাটো ককটেল মেরে ‘জয় বাংলা’ বলে দৌড়, কোথাও আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ বলে দৌড় — এরা সন্ত্রাসী কার্টুনে পরিণত হয়েছে।
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, সন্ত্রাসীদের কীভাবে সামাল দিতে হয়, এ দেশের মানুষ জানে। সরকারও তা জানে বলে তিনি মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সহনশীল সরকার এবং মানুষের প্রতি সহনশীলতা দেখায়। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোথাও কঠোর পদক্ষেপ নিতে হলে অবশ্যই তা নেওয়া হবে। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই, আওয়ামী সন্ত্রাসীদেরও কোনো স্থান বাংলাদেশে নেই বলে তিনি উল্লেখ করেন।
হুমায়ুন কবির আরও বলেন, আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই, তা আওয়ামী সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, দলটির নেত্রী শেখ হাসিনা দলও ধ্বংস করেছেন, পরিবারও ধ্বংস করেছেন। দেশে যারা রয়ে গেছে, তাদেরও এখন মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর বর্ণনায়, পালিয়ে যাওয়ার আক্রোশ থেকেই দেশে থাকা অনুসারীদের শেষ করে দেওয়ার চেষ্টা চলছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আসছে। দেশের এই অগ্রযাত্রা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী নানা ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করছে। তবে এসব করে তারা বিলীন হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্টের আবেদন হয় না। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে তাদের আনা হয়। তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আরও অনেক মামলা অপেক্ষায় আছে। তাঁর জায়গা কোথায়, বাংলাদেশের জনগণ তা দেখিয়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বাড়ি পরিদর্শনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। পুলিশ জানিয়েছে, ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।




