…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

রাজশাহীতে আমন ধানের ভালো ফলন, তবু দাম নিয়ে স্বস্তি নেই কৃষকের

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর মাঠে মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ পর্যন্ত ধান পাচ্ছেন কৃষক। তবে বাজারে ধানের দাম কম হওয়ায় ফলন ভালো হলেও কৃষকের স্বস্তি নেই।

রাজশাহীর বাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকায়। কৃষকদের দাবি, উৎপাদন খরচ ও পরিশ্রমের যথাযথ মূল্য পেতে প্রতি মণ ধানের দাম অন্তত ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা হওয়া প্রয়োজন।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। তবে পুরোদমে ধান কাটা শুরু হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে।

পবা উপজেলার তেঘর, বাগসারা ও পাইকপাড়া বিল ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠের কোথাও পাকা, কোথাও আধাপাকা ধান বাতাসে দুলছে। ভোরের হালকা কুয়াশার ভেতর মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। কাস্তে হাতে ধান কাটছেন কৃষক। কেউ কেউ তা আঁটি বাঁধছেন। আবার কেউ জমির পাশেই মাড়াইয়ের কাজ করছেন। নতুন ধান ঘিরে কৃষক পরিবারগুলোতে ব্যস্ততা ও উৎসবের আমেজ।

কৃষকেরা জানান, এবার আগাম ব্রি-১০৩ ও বিনা-১৭ জাতের আমন ধানের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে অনেকেই জমির ধান কেটে ঘরে তুলেছেন। তবে সার, কীটনাশক ও ডিজেলের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে।

তেঘর গ্রামের কৃষক মামুন রশিদ এবার তিন বিঘা জমিতে ব্রি-১০৩ জাতের আমন ধান চাষ করেছেন। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ২০ মণ। নিজের জমিতে ধান উৎপাদনে তাঁর খরচ হয়েছে বিঘাপ্রতি ১৪ হাজার টাকা।

মামুন রশিদের খরচের হিসাব অনুযায়ী, জমি চাষ, মই দেওয়া, চারা রোপণ ও সার প্রয়োগে প্রথম দফায় খরচ হয়েছে ৭ হাজার টাকা। ধান কাটা, মাড়াই, বাড়িতে আনা ও শ্রমিকের মজুরি বাবদ দ্বিতীয় দফায় খরচ হয়েছে আরও ৭ হাজার টাকা। তবে বর্গা নেওয়া জমিতে চাষ করলে এর সঙ্গে যুক্ত হয় আরও ৫ হাজার টাকা।

বাগসারা বিলের কৃষক মুনজুর রহমান এবার ১০ বিঘা জমিতে বিনা-১৭ জাতের আমন ধান চাষ করেছেন। বিঘাপ্রতি উৎপাদন খরচ হয়েছে ১৭ হাজার টাকা। গড়ে ফলন পেয়েছেন ১৮ মণ। সম্প্রতি ২০ মণ ধান প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করেছেন। দাম বাড়ার আশায় বাকি ধান রেখে দিয়েছেন।

পাইকপাড়া এলাকার কৃষক শহিদুল ইসলাম বর্গা নিয়ে তিন বিঘা জমিতে ব্রি-৫১ জাতের ধান চাষ করেছেন। আগামী সপ্তাহে তাঁর জমিতে ধান কাটা শুরু হবে। তিনি বলেন, গত বছরের তুলনায় সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরিও। এবার ফলন ভালো হলেও বাজারে ধানের দাম আশানুরূপ নয়।

শহিদুল ইসলাম বলেন, বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে কৃষকের পোষায় না। অন্তত ১ হাজার ৫০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে পারলে কৃষকেরা লাভবান হতেন।

ধান কাটার পর একই জমিতে আলু, শীতকালীন শাকসবজি ও ডালজাতীয় ফসল আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হেক্টর বেশি। এ মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন। ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বিঘাপ্রতি গড় ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ থেকে ২০ মণ।

অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে অন্য জমিগুলোতেও পুরোদমে ধান কাটা শুরু হবে। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার ফলন ভালো হয়েছে। ভালো দাম পেলে আমনচাষিরা লাভবান হবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

সাত বছরের চেষ্টায় খরা সহনশীল ধান উদ্ভাবন রাজশাহীর কৃষক নুর মোহাম্মদের

রাজশাহীর তানোর উপজেলার কৃষক ও কৃষি গবেষক নুর মোহাম্মদ খরা সহনশীল একটি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন। প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছাড়াই দীর্ঘ সাত বছরের …

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…