রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ৯০০ মামলা ডিএমপির, ডাম্পিং ২৮২ গাড়ি
ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে দুই দিনে ৯০০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে ২০৩টি গাড়ি রেকার ও ২৮২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপি এই অভিযান পরিচালনা করে। সঠিক কাগজপত্রসহ নানা অনিয়মের কারণে মামলা করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিকের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা বিভাগে। এ বিভাগে ৩৬০টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ওয়ারী বিভাগে ১৮৬টি, গুলশান বিভাগে ৯৮টি, মিরপুর বিভাগে ৮৩টি, তেজগাঁও বিভাগে ৪৭টি, রমনা বিভাগে ৪৬টি, মতিঝিল বিভাগে ৪৯টি এবং লালবাগ বিভাগে ৩১টি মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।



