গোপন ভোট আর ভেটোর হিসাব: যেভাবে নির্বাচিত হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

গোপন ভোট, রঙিন ব্যালট, স্ট্র পোল বা প্রাথমিক মতামত যাচাইয়ের ভোট এবং ঐকমত্য তৈরির জন্য পর্দার আড়ালে নানা কূটনৈতিক তৎপরতা—পুরো প্রক্রিয়াটির মধ্যে এসবই আছে। তবে সবকিছুর ওপর আছে শক্তিধর দেশগুলোর ভেটো দেওয়ার ক্ষমতা। এভাবেই নির্বাচিত হন জাতিসংঘের মহাসচিব।
বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন যখন ক্রমেই চ্যালেঞ্জের মুখে, তখন সেগুলো রক্ষার দায়িত্বে থাকা বিশাল আন্তর্জাতিক সংস্থাটির শীর্ষ পদে কে বসবেন, তা নির্ধারণের প্রক্রিয়াও বেশ জটিল। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ঘিরে এবারও চলছে নানা কূটনৈতিক হিসাব-নিকাশ।
কার্যত জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদই পরবর্তী মহাসচিব নির্বাচন করে। এই পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকেরই ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
এ ছাড়া নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য নির্বাচিত ১০টি অস্থায়ী সদস্য রয়েছে। বর্তমানে এই সদস্য দেশগুলো হলো বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লাইবেরিয়া, পাকিস্তান, পানামা ও সোমালিয়া।
জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীকে মনোনীত করে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করে। এরপর সাধারণ পরিষদের সব সদস্যের ভোটে তাঁকে নির্বাচিত করা হয়।
তাত্ত্বিকভাবে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশেরই মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে নিরাপত্তা পরিষদের সুপারিশ করা কোনো প্রার্থীকে সাধারণ পরিষদ কখনো প্রত্যাখ্যান করেনি। ফলে কার্যত নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে থাকে।
বিশেষ করে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতার কারণে তাদের সমর্থন ছাড়া মহাসচিব নির্বাচিত হওয়া প্রায় অসম্ভব। অস্থায়ী সদস্যদের সমর্থন আদায়ের পাশাপাশি স্থায়ী সদস্যদের সম্মতিও নিশ্চিত করতে হয়।
তবে ১৯৫০ সালে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা তৈরি হলে সাধারণ পরিষদ তৎকালীন মহাসচিবের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওই ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ ছাড়াই সাধারণ পরিষদ ভোটে মেয়াদ বাড়িয়েছিল।
মহাসচিব নির্বাচন করতে নিরাপত্তা পরিষদ প্রথমে অনানুষ্ঠানিক ও গোপন ভোট আয়োজন করে। এই ভোটকে ‘স্ট্র পোল’ বা প্রাথমিক মতামত যাচাইয়ের ভোট বলা হয়। এতে সদস্যরা কোনো প্রার্থীকে ‘সমর্থন’, ‘অসমর্থন’ অথবা ‘কোনো মতামত নেই’—এই তিন ধরনের অবস্থান জানান। ভোট গোপন রাখা হলেও অনেক সময় কোন প্রার্থী কতটি সমর্থনসূচক, অসমর্থনসূচক বা নিরপেক্ষ ভোট পেয়েছেন, তা সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে যায়।
পরবর্তী ধাপের ভোটে রঙিন কাগজের ব্যালট ব্যবহার করা হয়। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের ভোট আলাদা করে বোঝা যায়। ফলে প্রার্থীদের প্রতি দুই ধরনের সদস্যের মনোভাব সম্পর্কে তুলনামূলক স্পষ্ট ধারণা পাওয়া যায়।
কোনো প্রার্থী অন্তত নয়টি সমর্থন ভোট পেলে এবং স্থায়ী সদস্যদের কারও ভেটোর মুখে না পড়লে তাঁকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। এরপর নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে ওই প্রার্থীকে সাধারণ পরিষদে সুপারিশ করে। সাধারণ পরিষদ সেই মনোনয়ন অনুমোদন করবে বলে প্রত্যাশা করা হয়।
যুক্তরাজ্যের জাতিসংঘবিষয়ক সংগঠন ইউএন অ্যাসোসিয়েশন-ইউকের প্রধান নির্বাহী জেন কিনিনমন্ট বলেন, ঐতিহ্যগতভাবে মহাসচিব নির্বাচন প্রক্রিয়া বেশ গোপনীয়। তবে নাগরিক সমাজের সংগঠন ও সদস্য রাষ্ট্রগুলোর প্রচারণার কারণে প্রক্রিয়াটি আগের তুলনায় কিছুটা উন্মুক্ত হয়েছে। আল জাজিরাকে তিনি বলেন, ‘তবে নিরাপত্তা পরিষদ এখনো কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখে।’
কিনিনমন্টের মতে, গোপনীয়তা বজায় রাখার একটি যুক্তি হলো, কোনো দেশ একজন প্রার্থীকে ভোট দেওয়ার পর অন্য প্রার্থী নির্বাচিত হলে সেই প্রার্থীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে ভোটের তথ্য গোপন রাখা হয়।
আল জাজিরার জাতিসংঘ প্রতিনিধি গ্যাব্রিয়েল এলিজোন্দো বলেন, নির্বাচন প্রক্রিয়ার গোপনীয়তা মূলত ব্যবস্থাটির কাঠামোগত বৈশিষ্ট্যের কারণে। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিষদে নির্বাচন আরও স্বচ্ছ করার আলোচনা হয়েছে। তবে পাঁচ স্থায়ী সদস্য বর্তমান ব্যবস্থাই বজায় রাখতে চান।
প্রাথমিক প্রতিযোগিতা থেকে কয়েকজন সরে দাঁড়ানোর পর এবার মহাসচিব পদে আটজন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রধান রেবেকা গ্রিনস্প্যানকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রেবেকা গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনি জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হতে পারেন। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ওই চুক্তির ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানি সম্ভব হয়, যার বড় অংশ উন্নয়নশীল দেশগুলোতে পৌঁছায়। রাফায়েল গ্রোসি ২০১৯ সাল থেকে আইএইএর নেতৃত্ব দিচ্ছেন।


