জয়পুরহাটের কালাইয়ে আমন ধান সংগ্রহ শুরু, সিন্ডিকেট হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি খাদ্য প্রতিমন্ত্রীর
সরকারিভাবে ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। শনিবার (২১ নভেম্বর) জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে ২০২৬-২৭ অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করতে চায়, যাতে তাঁরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান।
তিনি বলেন, কেউ সিন্ডিকেট গড়ে তুলে কৃষকের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করলে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিগত সরকারের আমলে সিন্ডিকেটের কারণে প্রকৃত কৃষকেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হতে দেবে না।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে প্রতি কেজি ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
কালাই উপজেলায় এবার ৬৬৩ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকেরা এর চেয়ে বেশি ধান বিক্রি করতে আগ্রহী হলে সরকার তা সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় আমন ধানের সম্ভাব্য উৎপাদন ৩ লাখ ১ হাজার ৮৩৩ টন। এর মধ্যে কালাই উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫৯ হাজার ৫২১ টন।
অনুষ্ঠানে জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, জেলা ও উপজেলা পর্যায়ের খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



