শেখ হাসিনার অবস্থানে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, দায় ভারতেরও: কুগেলম্যান
শেখ হাসিনার ভারতে অবস্থানের কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক অর্থে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তবে এ পরিস্থিতির জন্য শুধু শেখ হাসিনাকে নয়, ভারত সরকারকেও দায় নিতে হবে বলে তিনি মনে করেন।
শনিবার (২১ নভেম্বর) ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কুগেলম্যান।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য জটিলতা তৈরি করেছে। এ কারণে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্পর্শকাতর হয়ে উঠেছে।
কুগেলম্যান মনে করেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর করার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্তগুলো ভারত নয়, বাংলাদেশকেই বেশি নিতে হবে।
এর আগে একই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের ভারতনীতি জিম্মি করার সুযোগ দেওয়া উচিত নয়। এ বিষয়ে কুগেলম্যান বলেন, মজিনার বক্তব্যের সঙ্গে তিনি আংশিক একমত। তার ভাষায়, শেখ হাসিনার কাছে এক অর্থে সম্পর্ক জিম্মি হয়ে পড়লেও ভারত সরকারেরও এতে গুরুত্বপূর্ণ দায় রয়েছে।
তার মতে, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দিয়েও তার রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারত নয়াদিল্লি।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের প্রভাব নিয়েও কথা বলেন এই বিশ্লেষক। তার মতে, বাংলাদেশে বহু বছর ধরে এমন ধারণা রয়েছে যে ভারত দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। এটি অস্বাস্থ্যকর এবং কোনো কোনো ক্ষেত্রে অনুচিত। তবে বিএনপি ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় বলে উল্লেখ করেন তিনি, যার ভিত্তি হতে হবে পারস্পরিক সমতা ও সম্মান। বাংলাদেশকে ছোট অংশীদার হিসেবে বিবেচনা করা হলে কাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে উঠবে না।
সাক্ষাৎকারে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের সমালোচনার বিষয়টিও উঠে আসে। কুগেলম্যানের মতে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অভিযোগ অতিরঞ্জিত। একই সঙ্গে ভারতে মুসলমানদের সঙ্গে আচরণের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। উত্তেজনা কমাতে নয়াদিল্লির উচিত এসব অভিযোগের মাত্রা কমানো অথবা প্রকাশ্যে তা উত্থাপন থেকে বিরত থাকা।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও মূল্যায়ন তুলে ধরেন কুগেলম্যান। তার ধারণা, বারবার দেশে ফেরার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই। তবে আগামী বছর অর্থনৈতিক সংকট, জ্বালানি খাতের চাপ এবং ‘হাসিনা ফ্যাক্টর’ মিলিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনকে ইতিবাচকভাবে দেখেছেন এই মার্কিন বিশ্লেষক। তার মতে, ফেব্রুয়ারির নির্বাচন কয়েক বছরের মধ্যে দেশে অনুষ্ঠিত প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ক্ষমতায় যে দলই থাকুক, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকুক বলেও প্রত্যাশা জানিয়েছেন তিনি।

