চাঁদের মাটির মতো রেগোলিথে আলু ফলালেন বিজ্ঞানীরা, ৩০ শতাংশ কেঁচো সারে মিলল পৃথিবীর সমান ফলন

চাঁদের মাটির মতো করে গবেষণাগারে তৈরি মাটিতে আলু ফলিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। চাষের জন্য বেছে নেওয়া হয়েছিল দ্রুত বর্ধনশীল মোডক জাতের আলু। এই গবেষণায় আর্থিক সহায়তা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
গবেষণা দলের নেতৃত্বে ছিলেন উদ্ভিদবিজ্ঞানী এমেরিক গোয়্যার, তাঁর সহ-গবেষক ছিলেন মহাকাশবিজ্ঞানী ডেভিড হ্যান্ডি। তাঁদের গবেষণার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী এনপিজে মাইক্রোগ্র্যাভিটিতে।
যুক্তরাষ্ট্র আবার চাঁদে মানুষ পাঠাতে চায় এবং আগামী কয়েক বছরের মধ্যেই সেই অভিযান শুরু হবে। বিজ্ঞানীরা সেখানে দীর্ঘমেয়াদে ঘাঁটি গড়ার কথাও ভাবছেন। কিন্তু চাঁদে স্থায়ীভাবে থাকতে হলে খাবারের ব্যবস্থা জরুরি; পৃথিবী থেকে খাবার বয়ে নেওয়া ভীষণ ব্যয়বহুল। এই বাস্তবতা মাথায় রেখেই গবেষণাটি চালানো হয়।
চাঁদের মাটি পৃথিবীর মতো উর্বর নয়। বিজ্ঞানীরা চাঁদের এই মাটিকে বলেন ‘রেগোলিথ’ — পাথরের গুঁড়া আর ধূলিকণার রুক্ষ স্তর। এতে পাতা পচা সার বা জৈব উপাদান নেই, উদ্ভিদের জন্য জরুরি নাইট্রোজেনের চরম অভাব রয়েছে, আর তামার মতো ভারী ধাতু গাছের শিকড় গজানো ও স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায়।
সমাধান হিসেবে গবেষকেরা ব্যবহার করেন ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার, যা কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য পচিয়ে তৈরি হয়। তাঁরা চাঁদের মাটির বৈশিষ্ট্য নকল করে পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ তৈরি করেন। পরীক্ষায় দেখা যায়, কোনো সার ছাড়া শুধু নকল মাটিতে আলুগাছ ঠিকমতো শিকড় ছড়াতে পারেনি এবং আলুর কন্দও তৈরি হয়নি।
এরপর মাটির সঙ্গে মাত্র পাঁচ শতাংশ কেঁচো সার মেশানোর পর আলুগাছের শিকড় গজাতে শুরু করে এবং ছোট ছোট আলু জন্মায়। আর মাটির সঙ্গে ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানোর পর আলুর ফলন গিয়ে দাঁড়ায় পৃথিবীর উর্বর মাটির সমান।
এমেরিক গোয়্যার বলেছেন, চাঁদের মাটিতে নাইট্রোজেন নেই বললেই চলে, তাই বাইরে থেকে সঠিক পুষ্টির জোগান না দিলে সেখানে কোনো ফসলই টিকবে না। তাঁর মতে, ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি হলে নভোচারীদের বর্জ্য থেকে এমন কম্পোস্ট তৈরি করে চাষাবাদ করা সম্ভব হবে।
আলু বেছে নেওয়ার কারণও জানিয়েছেন গোয়্যার। তাঁর ভাষায়, অন্য যেকোনো ফসলের চেয়ে আলুর ফলনক্ষমতা বেশি, তাই কম জমিতে কম খরচে বেশি ফলন ও বেশি ক্যালরি পাওয়া যায়। আলুতে কলার চেয়েও বেশি পটাশিয়াম, প্রচুর ভিটামিন সি ও ভালো মানের প্রোটিন আছে, আর আলু খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ।
তবে এই পরীক্ষা চালানো হয়েছে পৃথিবীর একটি সুরক্ষিত গ্রিনহাউসে, আসল চাঁদের মাটির বদলে ল্যাবে তৈরি নকল রেগোলিথ ব্যবহার করে। সেখানে সূর্যের আলো ও কৃত্রিম আলোর ব্যবস্থা ছিল; দিনের তাপমাত্রা রাখা হয় ২২ ডিগ্রি সেলসিয়াস, রাতে ১৮ ডিগ্রি সেলসিয়াস। ছোট পাত্র ব্যবহার করায় উৎপাদিত আলুর ওজন ছিল গড়ে ১০ গ্রামেরও কম, যদিও পরে বড় পাত্রে তুলনামূলক বড় আলুও পেয়েছেন গবেষকেরা।
গবেষকেরা এই আলুর পুষ্টিগুণ ও নিরাপত্তা ল্যাবে পরীক্ষা করেছেন, কিন্তু নিজেরা এখনো একটি আলুও চেখে দেখেননি। চাঁদের আসল পরিবেশে মাধ্যাকর্ষণ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ এবং তেজস্ক্রিয়তা অনেক বেশি; সেই পরিবেশে আলুগাছ কেমন আচরণ করবে, তা এখনো অজানা। গবেষণাটি করা হয়েছে ভবিষ্যতে চাঁদে চাষের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই।




