বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো বুয়েটের সোহেল রহমান: এআইয়ের যুগে আসল দক্ষতা সঠিক প্রশ্ন করা

অ্যালগরিদম, তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গবেষণার স্বীকৃতি হিসেবে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নিজের গবেষণা, এআইয়ের ভবিষ্যৎ, বাংলাদেশে কম্পিউটারবিজ্ঞান চর্চা, ডেটা প্রাইভেসি ও প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়ে কথা বলেছেন।
খবরটি পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, ফেলো নির্বাচিত হওয়া তাঁর জন্য আনন্দের, সম্মানের এবং একই সঙ্গে গভীর দায়িত্ববোধের বিষয়। তিনি এই স্বীকৃতিকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না, বরং বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণার সক্ষমতার স্বীকৃতি হিসেবেও বিবেচনা করেন। তাঁর ভাষায়, দেশে অনেক মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তর্জাতিক মানের গবেষণা করছেন; শিক্ষার্থী, সহকর্মী ও গবেষণা দলের অবদান ছাড়া এই অর্জন সম্ভব হতো না।
তাঁর গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্ট্রিং অ্যালগরিদম, কম্বিনেটরিকস ও সিকোয়েন্স অ্যানালাইসিস। সহজ করে তিনি বলেছেন, কোনো বড় লেখার মধ্যে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করা, বানান ভুল শনাক্ত করা বা একই ধরনের লেখা চিহ্নিত করার কাজে স্ট্রিং অ্যালগরিদম ব্যবহৃত হয়; গুগলে সার্চ, মোবাইলে ছবি শনাক্ত করা কিংবা ডিএনএ পরীক্ষা করে রোগের কারণ খোঁজার পেছনেও এই প্রযুক্তি কাজ করে।
কম্বিনেটরিকস নিয়ে তিনি উদাহরণ দিয়েছেন, ১০০ জন পরীক্ষার্থীকে ১০টি কক্ষে বসানোর পরিকল্পনা, বিমানের হাজার হাজার ফ্লাইট ও ট্রেনের সময়সূচি, কিংবা হাসপাতালের চিকিৎসকদের ডিউটি নির্ধারণে এই গাণিতিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। আর সিকোয়েন্স অ্যানালাইসিস দিয়ে আবহাওয়ার তাপমাত্রার পরিবর্তন, শেয়ারবাজারের ওঠানামা, রোগীর হৃৎস্পন্দনের রেকর্ড কিংবা ডিএনএর বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সময়ে বাংলাদেশের কম্পিউটারবিজ্ঞান শিক্ষায় কোন দক্ষতায় গুরুত্ব দিতে হবে, সেই প্রশ্নে তিনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু বর্তমান প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলা নয়, ভবিষ্যতের প্রযুক্তি তৈরি করার সক্ষমতা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের অনেক এআই টুল কয়েক বছর পর বদলে যাবে, তাই শুধু নির্দিষ্ট সফটওয়্যার বা প্রোগ্রামিং ভাষা শেখা যথেষ্ট নয়।
তাঁর মতে, প্রথমে গুরুত্ব দিতে হবে গণিত, যুক্তিনির্ভর চিন্তা, অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, প্রবাবিলিটি, স্ট্যাটিসটিকস ও প্রোগ্রামিংয়ের মৌলিক ভিত্তির ওপর। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের বুঝতে হবে এআই কীভাবে কাজ করে, তার সীমাবদ্ধতা কী, কেন কখনো ভুল সিদ্ধান্ত দেয় এবং কীভাবে তার ফলাফল যাচাই করতে হয়। একই সঙ্গে ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, সায়েন্টিফিক কম্পিউটিং ও কম্পিউটেশনাল থিঙ্কিংয়ে গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, চিকিৎসাবিজ্ঞান, পরিবেশ, কৃষি, পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলার সঙ্গে কম্পিউটারবিজ্ঞানকে যুক্ত করার আন্তবিষয়ক জ্ঞান জরুরি, যা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এআই বা অ্যালগরিদম নিয়ে গবেষণা করতে চান যাঁরা, তাঁদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, প্রথমে মৌলিক জ্ঞান শক্তিশালী করতে হবে, এরপর একটি নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে কাজ শুরু করতে হবে; নিয়মিত ভালো গবেষণাপত্র পড়া, ছোট ছোট প্রকল্প করা, নিজের ধারণা পরীক্ষা করা এবং গবেষণার ফলাফল অন্যদের সঙ্গে আলোচনা করা দরকার।
সাক্ষাৎকারে তাঁর গুরুত্বপূর্ণ মন্তব্য, এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা। এআই অনেক প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কোন উত্তরটি বিশ্বাসযোগ্য এবং কোন সমস্যাটি সমাধান করা প্রয়োজন — সেটি বুঝতে মানুষের বিচারবুদ্ধি ও বৈজ্ঞানিক চিন্তার প্রয়োজন।
নিজের প্রয়োগভিত্তিক কাজের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ডিএনএতে লাখ লাখ তথ্যের মধ্যে রোগের কারণ বা সংবেদনশীলতার ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে; মেশিন লার্নিং দিয়ে এখন অনেক দ্রুত সেই তথ্যের সম্পর্ক ও প্যাটার্ন খুঁজে বের করা যাচ্ছে। এমআরআই, সিটি স্ক্যান বা এক্স-রে বিশ্লেষণ করে এআই চিকিৎসকদের রোগের লক্ষণ শনাক্তে সহায়তা করতে পারে, তবে এআই কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়, সিদ্ধান্ত গ্রহণকে তথ্যসমৃদ্ধ করার একটি টুল মাত্র।
মহামারি গবেষণায় তাঁর ছাত্রদের সাহায্যে ম্যালেরিয়া ও কোভিড-১৯-এর জন্য এজেন্ট-ভিত্তিক মডেল তৈরি করেছেন তিনি, যার মাধ্যমে রোগের বিস্তার পর্যবেক্ষণের পাশাপাশি আগাম প্রস্তুতির সুযোগ তৈরি হয়েছে। পরিবেশের ক্ষেত্রে তিনি মেশিন লার্নিং ব্যবহার করে বাংলাদেশের জন্য জাতীয় পর্যায়ের ভূগর্ভস্থ পানির একটি মানচিত্র তৈরি করেছেন; এই কাজে তিনি সহযোগিতা করেছেন তাঁর স্ত্রীর সঙ্গে, যিনি ভূগর্ভস্থ পানি বিষয়ে বিশেষজ্ঞ। এখন স্যাটেলাইটের ছবি নিয়েও এআই ব্যবহার করে কাজ করছেন তাঁরা।




